“CBI-এর ডিরেক্টর বলছেন, মামলা ছেড়ে দেবেন”-বিস্ফোরক আরজি করের নির্যাতিতার বাবা

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে গভীর হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে ফিরে তাঁরা সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, সিবিআই এই মামলা ছেড়ে দেওয়ার কথা বলছে এবং তাদের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছে না।
গত বছর ৯ই আগস্টের ওই নৃশংস ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন। কিন্তু নির্যাতিতার বাবা-মায়ের প্রথম থেকেই দাবি ছিল যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও অনেকে জড়িত। এই দাবিতে অনড় থেকে তাঁরা তদন্তের অগ্রগতি জানতে ফের দিল্লি গিয়েছিলেন।
দিল্লি সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে নির্যাতিতার বাবা বলেন, “সিবিআই ডিরেক্টরের সঙ্গে আমাদের দেখা হয়েছে। ১৪০ কোটি মানুষ যে সংস্থার ওপর ভরসা করে, সেই সংস্থা যে কতটা অসার, তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।” তিনি জানান, সিবিআই ডিরেক্টর তাঁদের সামনেই এই মামলাটি ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এর প্রতিক্রিয়ায় তাঁরা সিবিআইকে আদালতে এই কথা জানাতে বলেছেন, কারণ আদালতের নির্দেশেই এই মামলার তদন্ত শুরু হয়েছিল।
বাবা আরও বলেন, “আমাদের কোনো প্রশ্নের জবাব ওঁদের কাছে নেই। শুধু সঞ্জয় রায় নয়, এই ঘটনার পেছনে আরও অনেকে আছে। আমরা তাদের বিচার চাই।”
উল্লেখ্য, নির্যাতিতার বাবা-মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সাক্ষাতের জন্য যে তারিখ দিয়েছিলেন, সেই সময় পর্যন্ত দিল্লিতে থাকা তাদের পক্ষে সম্ভব ছিল না। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁদের দেখা হয়নি। সিবিআইয়ের এমন ভূমিকা নিয়ে তাঁদের হতাশা ও ক্ষোভ এখন নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।