মহারাষ্ট্রের ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সরব রাহুল গান্ধী, কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ

বিহারের পর এবার মহারাষ্ট্রে ভোটার তালিকা যাচাইকরণে অনিয়মের অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন থেকে তিনি সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তোলেন। রাহুল বলেন, “সংবিধানের ভিত্তি হলো ভোট। এমন পরিস্থিতিতে আমাদের নিশ্চিত করতে হবে যে সঠিক ব্যক্তিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কিনা।”
রাহুল গান্ধী মহারাষ্ট্র ও কর্ণাটকের ভোটার তালিকার উদাহরণ দিয়ে বলেন, এই দুই রাজ্যে বহু ভুয়ো ভোটার রয়েছে। মহারাষ্ট্রের ভোটার তালিকায় পাঁচ মাসে ৪০ লক্ষ ‘রহস্যজনক’ ভোটারের নাম যুক্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার কথায়, “নির্বাচন কমিশনের ভোটার তালিকা সম্পর্কে উত্তর দেওয়া উচিত। তাদের বলা উচিত ভোটার তালিকা সঠিক নাকি ভুল।”
কংগ্রেস সাংসদ আরও অভিযোগ করেন যে, ভোটগ্রহণের দিন সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে। তিনি বলেন, মহারাষ্ট্রে বিকেল সাড়ে ৫টার পর ভোটের সংখ্যা বৃদ্ধি নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন কমিশন সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে ভারতের নির্বাচন কমিশন ভোট চুরি করার জন্য বিজেপির সঙ্গে যোগসাজশ করছে।”
ভোটার তালিকায় অনিয়মের বিভিন্ন দিক তুলে ধরে রাহুল বলেন, “অনেক ভোটারের বাবার নামের আগে কিছু লেখা নেই, অনেক বাড়ির ঠিকানা শূন্য এবং নকল ভোটারের সংখ্যা অনেক বেশি।” তিনি তিনবার ভোটদানকারী ১১ হাজার সন্দেহজনক ব্যক্তি এবং একই ঠিকানায় ৪৬ জন ভোটারের থাকার মতো ঘটনাগুলিও উল্লেখ করেন। রাহুল গান্ধী বারবার কমিশনকে ইলেকট্রনিক ডেটা দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন।