আসছে ‘স্পাইডার – চ্যাপ্টার ওয়ান’, বিশ্বের দীর্ঘতম ওয়ান-শট সিনেমার দাবি পরিচালকের

বাংলা সিনেমার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবি ‘স্পাইডার – চ্যাপ্টার ওয়ান’। একগুচ্ছ তরুণ তারকা নিয়ে ইতিমধ্যেই কলকাতা শহরে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। পরিচালক অংশুমান প্রত্যুষের দাবি, এটি হতে চলেছে ‘ওয়ার্ল্ড লংগেস্ট ওয়ান-শট সিনেমা’। এই দাবি যদি সত্যি হয়, তাহলে এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, মুকুল কুমার জানা, সৈকত দে, রত্নদীপ ঘোষ, আর্মান আহমেদ এবং প্রতীক কুন্ডু। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পুষ্পজিত ঘোষ, শুভদীপ গুহ রায়, অনির্বান দাশগুপ্ত, রাহুল বিশ্বাস, অদ্রিজা ঘোষ, প্রভেলিকা, ইষা নন্দী, অনুরুপা পাল, রিত্তিলা দাস, সৃষ্টিপ্রিয়া দাস, শর্মিষ্টা দাস এবং সারয়ান ধোবি। এই ছবিতে পরিচালক অংশুমান প্রত্যুষকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
ছবির গল্পটি একটি ইন্টেলিজেন্স এজেন্সিকে ঘিরে আবর্তিত হয়েছে, যারা কলকাতা শহরে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে খবর পায়। সেই হামলা ঠেকানোর জন্য একটি বিশেষ দলকে দায়িত্ব দেওয়া হয়। এখান থেকেই শুরু হয় ছবির মূল রহস্য। কেন এই হামলার পরিকল্পনা করা হয়েছে? কারা এর পেছনে জড়িত? ছবির সব উত্তর লুকিয়ে আছে এই রহস্যের মধ্যে।
পরিচালক অংশুমান প্রত্যুষ ছবিটি সম্পর্কে বলেন, “এই ছবিতে দর্শক অনেক নতুন কিছু দেখতে পাবেন। আমরা অনেক যত্ন নিয়ে পুরো টিম মিলে কাজটা করছি। কলকাতার বিভিন্ন জায়গাতে শ্যুটিং হয়েছে। প্রতিটি অভিনেতা-অভিনেত্রী প্রচুর চর্চার মাধ্যমে এই কাজটা করেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।” ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে বলে জানান তিনি।