TRP-তে শুরুতেই বাজিমাত ‘কিউকি সাস ভি কভি বহু থি’-র! ‘অনুপমা’-কে টেক্কা দিয়ে কত রেটিং পেল?

ছোট পর্দার জগতে একসময় রাজত্ব করা জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ২৫ বছর পর ফিরে এসে আবারও দর্শকদের মন জয় করেছে। সম্প্রতি পুনরায় সম্প্রচার শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই এই মেগা টিআরপি তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে, যা এক বড় চমক। এই ধারাবাহিকটি জনপ্রিয়তার শিখরে থাকা রূপা গঙ্গোপাধ্যায়ের ‘অনুপমা’-কে পিছনে ফেলে দিয়েছে।
‘কিউকি সাস ভি কভি বহু থি’-এর প্রথম পর্ব ২.৫ টিআরপি পেয়েছিল এবং এক সপ্তাহ পর এর রেটিং দাঁড়িয়েছে ২.৩। অন্যদিকে, ‘অনুপমা’-র স্কোরও ২.৩, যা ‘কিউকি সাস ভি কভি বহু থি’-এর সঙ্গে সমান। তবে এই দীর্ঘ বিরতির পর ফিরে এসে শীর্ষে জায়গা করে নেওয়া ধারাবাহিকটির জন্য একটি বিশাল সাফল্য। একতা কাপুরের এই মেগাটি টানা সাত বছর ধরে টিআরপি-তে শীর্ষস্থান ধরে রেখেছিল।
ধারাবাহিকের মূল অভিনেত্রী স্মৃতি ইরানি টিআরপি প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, “আমি এই সংখ্যায় পুরোপুরি বিশ্বাস করি না। ২৫ বছর আগে আমাদের ধারাবাহিকের টিআরপি ছিল ৩১, যা এখনো সর্বোচ্চ। এমনকি অমিতাভ বচ্চনের ‘কেবিসি’-কেও আমরা পিছনে ফেলে দিয়েছিলাম।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে ধারাবাহিকের টিআরপি অনেক কমে গেছে।