বিধানসভা ভোটের আগে দুটি ইস্যুতে সুর চড়ালেন মমতা, ভোটার তালিকা ও ভাষা বিতর্কে কেন্দ্রকে তীব্র আক্রমণ

আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সুর চড়াতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের মঞ্চ থেকে তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে বিতর্ক, এই দুটি বিষয়কেই তৃণমূল নেত্রী আসন্ন নির্বাচনের প্রধান হাতিয়ার করতে চলেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মুখ্যমন্ত্রী বলেন, “কেউ যদি ফর্ম ফিলআপ করার কথা বলে, তবে করবেন না। এরা সব তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে।” তিনি আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের সতর্ক করে বলেন যে, এটি কেন্দ্রীয় সরকারের একটি চক্রান্ত। তিনি বলেন, “আমাদের হিন্দু, মুসলিম, আদিবাসী, তফসিলি, দলিত, সকলের নাম ভোটার তালিকায় থাকতে হবে।” পুরোনো ভোটার কার্ড থাকলেই হবে না, নতুন করে নাম তোলার জন্য বিজেপি সরকার চক্রান্ত করছে বলেও তিনি অভিযোগ করেন।
এছাড়াও, মুখ্যমন্ত্রী বার্থ সার্টিফিকেট ইস্যু নিয়েও কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন, ২০০২ সালের আগে যাদের জন্ম, তাদের বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, যা অনেকেরই নেই। তিনি বলেন, “আমি নিজেও বাড়িতে জন্মেছি। আমি জিজ্ঞাসা করছি, যাঁরা আইন করছেন, তাঁদের মা-বাবার বার্থ সার্টিফিকেট আছে তো?”
বাংলা ভাষা নিয়ে সম্প্রতি চলা বিতর্কেও মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলা ভাষা বলে কোনো ভাষা না থাকলে কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন?” তিনি বলেন, ভাষা মানুষের সম্মান ও গর্বের প্রতীক।