ট্রাম্পের শুল্ক আরোপের মধ্যেই ভারতে বাড়ছে ট্রাম্প অর্গানাইজেশনের বাণিজ্যিক সাম্রাজ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর একের পর এক শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছেন, ঠিক তখনই তার পরিবারের বাণিজ্যিক সাম্রাজ্য ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ ভারতে আগ্রাসীভাবে নিজেদের বিস্তার ঘটাচ্ছে। ব্লুমবার্গের একটি রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প অর্গানাইজেশন বর্তমানে আমেরিকার বাইরে ভারতকে তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক বাজার হিসেবে বিবেচনা করছে। গত বছর পর্যন্ত এই সংস্থা ভারতের মুম্বাই, পুণে, কলকাতা এবং গুরুগ্রামের সাতটি প্রকল্প থেকে কমপক্ষে ১৭৫ কোটি টাকা আয় করেছে।
ট্রাম্প প্রশাসন ভারতের ওপর প্রথমে ২৫ শতাংশ এবং সম্প্রতি আরও ২৫ শতাংশ, অর্থাৎ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় ভারত ট্রাম্পের রোষানলে পড়েছে। একসময় তিনি ভারতীয় অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলেও আখ্যা দিয়েছিলেন। কিন্তু তার এই কঠোর নীতির মধ্যেই তার পরিবারের বাণিজ্যিক সংস্থা ভারতে ফুলেফেঁপে উঠছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০১২ সালে ভারতে প্রথম প্রকল্প ঘোষণার পর থেকে ‘ব্র্যান্ড ট্রাম্প’-এর পদচিহ্ন ক্রমশ বাড়ছে। যখন এই প্রকল্পগুলি সম্পূর্ণ হবে, তখন ট্রাম্পের বাণিজ্যিক ক্ষেত্র প্রায় চারগুণ বেড়ে ১১ মিলিয়ন বর্গফুটে দাঁড়াবে। গত আট মাস ধরে এই সংস্থা আগ্রাসীভাবে ভারতে তাদের বাণিজ্যিক সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ৫ই নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর পরই ট্রাম্প অর্গানাইজেশন তাদের ভারতীয় অংশীদার ট্রাইবেকা ডেভেলপারদের সঙ্গে গুরুগ্রাম, পুণে, হায়দ্রাবাদ, মুম্বাই, নয়ডা এবং বেঙ্গালুরুতে কমপক্ষে ছয়টি নতুন প্রকল্প ঘোষণা করে। এর মাধ্যমে ৮০ লক্ষ বর্গফুট রিয়েল এস্টেট উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ৪.৩ মিলিয়ন বর্গফুট আয়তনের তিনটি প্রকল্প ইতিমধ্যেই এই বছর পুণে, গুরুগ্রাম এবং হায়দ্রাবাদে চালু করা হয়েছে।
উল্লেখ্য, ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ হলো ডোনাল্ড জে. ট্রাম্পের প্রধান হোল্ডিং কোম্পানি, যা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এই সংস্থার বাণিজ্যিক নীতি এবং ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক নীতিতে যে বৈপরীত্য দেখা যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।