‘অমিত শাহ আগে নিজের বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দেখান’- ঝাড়গ্রামে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

ঝাড়গ্রামে এক বিশাল জনসভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে কেন্দ্র ও কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় কোনো ভোটারের নাম বাদ দিতে দেওয়া হবে না।
মঙ্গলবার ঝাড়গ্রামে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি পরিষ্কার বলতে চাই, বাংলায় একটাও ভোটারের নাম বাদ যাবে না। ভোটার তালিকা নিয়ে যা খুশি তাই করা যাবে না।” তিনি এই প্রক্রিয়াকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অমিত শাহ আগে নিজের বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দেখান।” তিনি আরও বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করতে চাইছে এবং পুরনো নথিপত্রের দোহাই দিয়ে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি জনগণকে অভয় দিয়ে বলেন, “ভয় পাবেন না, আপনাদের অধিকার আমি ছিনিয়ে নিতে দেব না।”
মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল সরকার ঝাড়গ্রামের মানুষের পাশে আছে। এখানে উন্নয়ন হয়েছে, শান্তি ফিরেছে। কিন্তু বিজেপি মানুষকে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি।”
মুখ্যমন্ত্রীর এই কড়া বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন তুলেছেন, তা রাজ্য ও কেন্দ্রের মধ্যেকার সংঘাতকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।