যশপ্রীত বুমরার ‘শর্ত’ নিয়ে অসন্তুষ্ট বিসিসিআই! ভবিষ্যতে তারকাদের জন্য বদলাচ্ছে নিয়ম

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হওয়ার পর ভারতীয় দলের ফাস্ট বোলার যশপ্রীত বুমরার ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জানা গেছে, বুমরা অস্ট্রেলিয়া সিরিজ থেকে চোট সারিয়ে ফেরার পর বিসিসিআইকে জানিয়েছিলেন যে তিনি ইংল্যান্ড সিরিজে মাত্র তিনটি টেস্ট খেলবেন। বোর্ডের পক্ষ থেকে তাঁর এই শর্ত মেনে নেওয়ায় ক্রিকেট মহলে সমালোচনার ঝড় উঠেছে।
বুমরার শারীরিক অবস্থা এবং অতিরিক্ত ‘ওয়ার্কলোড’ বিবেচনা করে তাঁকে দ্বিতীয় এবং পঞ্চম টেস্টে বিশ্রাম দেওয়া হয়। এমনকি, পঞ্চম টেস্ট শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরে যান। একজন গুরুত্বপূর্ণ ফাস্ট বোলারের এভাবে পুরো সিরিজে না খেলা নিয়ে অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, একজন শীর্ষ সারির খেলোয়াড়ের কোটি কোটি টাকা বেতন নিয়ে দেশের হয়ে গুরুত্বপূর্ণ সিরিজে শর্তসাপেক্ষে খেলা উচিত নয়।
বুমরার এই সিদ্ধান্তের পর বিসিসিআই তাঁর ওপর বেশ অসন্তুষ্ট বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ভবিষ্যতে খেলোয়াড়দের এমন আচরণ রুখতে বোর্ড একটি কঠোর অবস্থান নিয়েছে। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, তারকা ক্রিকেটাররা এখন থেকে আর নিজেদের পছন্দের ম্যাচ বেছে নিতে পারবেন না। টেস্ট সিরিজে সব ম্যাচ খেলার জন্য ফিট থাকতে হবে। যদি কোনো খেলোয়াড় নির্দিষ্ট কিছু ম্যাচ খেলার শর্ত দেন, তবে তাঁকে সেই সিরিজেই সুযোগ দেওয়া হবে না।
বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে ক্রিকেটপ্রেমীরা স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এটি ভারতীয় ক্রিকেটে আরও শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে ‘ওয়ার্কলোড’ শব্দটি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারও এই ধারণার বিরোধিতা করেছেন। তিনি বলেন, “মোহাম্মদ সিরাজ এই সিরিজে মন দিয়ে বোলিং করেছেন এবং তিনি অতিরিক্ত ওয়ার্কলোডের ধারণাটাই বাতিল করে দিয়েছেন। আমার মনে হয়, ভারতীয় ক্রিকেটে আর এই শব্দ ব্যবহার করা উচিত নয়।” বুমরার ঘটনায় বিসিসিআই-এর কঠোর মনোভাবের পর গাভাসকারের এই মন্তব্য আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।