বহুতল থেকে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, হাওড়ায় চাঞ্চল্য

খেলতে গিয়ে বহুতলের চারতলা থেকে পড়ে এক তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরী নস্কর পাড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অভয় নামে ওই শিশুটি তাদের চারতলার ফ্ল্যাটের খোলা জানালার কাছে খেলছিল। খেলতে খেলতে আচমকা সে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, যে বহুতলে ঘটনাটি ঘটেছে, তার মালিক অবৈধভাবে ছাদে অস্থায়ী টিনের ঘর বানিয়েছেন। এছাড়াও, ফ্ল্যাটের জানালায় কোনো গ্রিল লাগানো হয়নি, যা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। স্থানীয়দের দাবি, বাড়ির মালিকের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে এবং পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।
এক স্থানীয় মহিলা বলেন, “আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ ধপ করে একটা আওয়াজ শুনি। কাছে গিয়ে দেখি একটা বাচ্চা পড়ে আছে। আমি তাকে তুলে জল দিলাম। তাদের জানালায় গ্রিল ছিল না, সম্ভবত সেখান থেকেই পড়ে গিয়েছে।”
ছোট্ট অভয়ের এই অকাল মৃত্যুতে নস্কর পাড়ার গোটা এলাকা শোকস্তব্ধ। এই ঘটনাটি বহুতলগুলিতে শিশুদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে।