কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্বেগ

মঙ্গলবার কোচবিহার সফরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এই হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁর কাছে ফোন আসে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে তিনি প্রাণে মারাও যেতে পারতেন।
মঙ্গলবার শুভেন্দু অধিকারীর কোচবিহার এসপি অফিস অভিযানের কর্মসূচি ছিল। সেই সময় ফালাকাটা থেকে খাগড়াবাড়ি যাওয়ার পথে তাঁর কনভয়ে বাঁশ, লাঠি ও ইট নিয়ে হামলা চালানো হয়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। একজন ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের হামলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনায় উদ্বিগ্ন এবং প্রয়োজনে শুভেন্দুর নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে।
হামলার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, যারা হামলা চালিয়েছে তাদের অধিকাংশই রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমান। তিনি এই হামলার জন্য তৃণমূল নেতা উদয়ন গুহকে দায়ী করেন। অন্যদিকে, উদয়ন গুহ এই অভিযোগ অস্বীকার করে বলেন, যারা বাংলা ভাষাকে অপমান করে, তাদের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখাবে।