প্রাক্তন সচিবের আর্থিক প্রতারণার অভিযোগ, মামলা খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী

প্রাক্তন ব্যক্তিগত সচিব এবং তাঁর স্ত্রীর দায়ের করা আর্থিক প্রতারণার মামলার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিযোগ খারিজের আর্জি নিয়ে তিনি ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছেন। জানা গেছে, চলতি সপ্তাহেই এই মামলার প্রাথমিক শুনানি হতে পারে।
মিঠুনের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুমন রায়চৌধুরী এবং তাঁর স্ত্রী উত্তর কলকাতার চিৎপুর থানায় একটি এফআইআর দায়ের করেন। তাঁদের অভিযোগ, একটি হোটেল নির্মাণ প্রকল্পে ইন্টেরিয়র ডেকরেশনের কাজের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ের কাজের জন্য কিছু অর্থ পেলেও, অতিরিক্ত কাজের জন্য সুমনকে চাপ দেওয়া হয়। সেই কাজ শেষ করতে সুমন তাঁর স্ত্রীর গয়না বন্ধক রেখে ৩৫ লক্ষ টাকা খরচ করেন। অভিযোগ, সেই অংশের অর্থ দেওয়ার কোনো লিখিত চুক্তি না থাকায় এবং পরে টাকা চাইতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
অভিযোগকারী দম্পতির দাবি, মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠ এবং পেশায় আইনজীবী বিমান সরকারও এই আর্থিক অনিয়মে প্রত্যক্ষভাবে জড়িত। অভিযোগ, এই ৩৫ লক্ষ টাকা আজও মেটানো হয়নি। এই প্রেক্ষাপটে সোমবার শিয়ালদা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে সুমনের স্ত্রী গোপন জবানবন্দিও দিয়েছেন।
অন্যদিকে, মিঠুন চক্রবর্তী এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি কলকাতা হাইকোর্টে মামলা বাতিলের আবেদন জানিয়েছেন। অভিজ্ঞ আইনজীবীদের একটি দল এই মামলায় তাঁর পক্ষে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এখন দেখার, আদালত এই বিষয়ে কী রায় দেয়।