মর্নিংওয়াকের সময় কি ঘটলো মহিলা সাংসদের সঙ্গে? গলা থেকে চেন ছিনতাই! নিরাপত্তা নিয়ে অমিত শাহকে প্রশ্ন

দেশের রাজধানী দিল্লির অতি সুরক্ষিত চাণক্যপুরী এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হলেন এক মহিলা সাংসদ। সোমবার সকালে হাঁটতে বেরিয়ে দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন রাজ্যসভার সাংসদ আর. সুধা রামাকৃষ্ণন (R Sudha Ramakrishnan)। গলায় সোনার চেন ছিনিয়ে নিয়ে পালায় এক স্কুটি আরোহী যুবক। এই ঘটনার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখে রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে সকাল প্রায় সাড়ে ছ’টা নাগাদ পোল্যান্ড দূতাবাসের কাছে। সাংসদ সুধা রামাকৃষ্ণন তাঁর এক পরিচিতের সঙ্গে হাঁটছিলেন। সেই সময় হেলমেট পরা এক যুবক স্কুটিতে করে এসে হঠাৎ তাঁর গলার সোনার চেন ছিনিয়ে পালায়। তীব্র টানে সাংসদের গলায় আঘাত লাগে এবং তাঁর পোশাকও ছিঁড়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলেও সুধা এবং তাঁর সঙ্গী জোরে চিৎকার করে সাহায্য চান।

সাংসদ সুধা রামাকৃষ্ণন জানিয়েছেন, স্কুটিচালক প্রথমে খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল, ফলে প্রথমদিকে তার ওপর সন্দেহ করার কোনো কারণ ছিল না। হঠাৎ করেই সে তার গলার চেন টেনে নিয়ে পালিয়ে যায়।

বর্তমানে তামিলনাড়ু ভবনে থাকা সুধা ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, “এই এলাকাটি দেশের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। যদি এখানে একজন মহিলা সাংসদ আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তিনি আরও জানান, এত গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে দোষীকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ চাণক্যপুরী এবং এর আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।