‘আপনি কী করে জানলেন?’- ভারতের জমি দখল নিয়ে মন্তব্যে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে রাহুল গান্ধী

“ভারতের ২০০০ কিলোমিটার জমি চিন দখল করে নিয়েছে” – ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো তাঁকে। শীর্ষ আদালত তাঁর বিরুদ্ধে নোটিসও জারি করেছে।
আজ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মাসিহের বেঞ্চে রাহুল গান্ধীর আবেদনের শুনানি চলছিল। শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত রাহুল গান্ধীর উদ্দেশে কঠোর ভাষায় প্রশ্ন করেন, “আপনি কী করে জানলেন ভারতের ২০০০ কিলোমিটার জমি চিন দখল করে নিয়েছে? যদি আপনি সত্যি ভারতীয় হতেন, তবে এই ধরনের কথা বলতেন না!”
বিচারপতি দত্ত আরও প্রশ্ন তোলেন, “আপনি কি ওখানে (সীমান্তে) ছিলেন? আপনার কাছে কি বিশ্বাসযোগ্য কোনো তথ্য রয়েছে? বিরোধী দলনেতা হয়ে আপনি কীভাবে এই কথা বলতে পারেন? সংসদে এই ধরনের প্রশ্ন তোলেন না কেন?”
রাহুল গান্ধীর পক্ষে মামলা লড়ছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি পাল্টা যুক্তি দেন, “যদি উনি এই কথাগুলি না বলতে পারেন, তাহলে তিনি বিরোধী দলনেতা কীভাবে হবেন?” এর প্রত্যুত্তরে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “তাহলে এই কথাগুলি সংসদে কেন বলেন না?”
প্রসঙ্গত, ভারতীয় সেনা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। তিনি বলেছিলেন যে, অরুণাচল প্রদেশে ভারতীয় সেনা চিনের লাল ফৌজের কাছে ‘মার খেয়েছে’ এবং গালওয়ানে সংঘর্ষের পর চিন ভারতের ২০০০ কিলোমিটার জমি দখল করে নিয়েছে। তিনি আরও অভিযোগ করেছিলেন যে, নরেন্দ্র মোদী সরকার আত্মসমর্পণ করেছে।
তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই এলাহাবাদ হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছিলেন মামলাকারী উদয় শঙ্কর শ্রীবাস্তব। তিনি অভিযোগ করেন যে, রাহুল গান্ধী চিনের সঙ্গে সংঘাত নিয়ে ভারতীয় সেনা সম্পর্কে একাধিক অবমাননাকর মন্তব্য করেছেন।
এলাহাবাদ হাইকোর্ট এর আগে গত ২৯ মে রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি সুভাষ বিদ্যার্থী ওই মামলার পর্যবেক্ষণে বলেছিলেন যে, বাক স্বাধীনতা সেনার অবমাননাকর মন্তব্য করার অধিকার দেয় না। এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ হওয়ার পর কংগ্রেস সাংসদ সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। আজ সুপ্রিম কোর্ট এই বিষয়ে নোটিস জারি করে।