WBJEE: জয়েন্টের রেজাল্ট চলতি সপ্তাহেই, জেনেনিন কীভাবে দেখবেন আপনার স্কোর?

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে অপেক্ষার পর অবশেষে ঘোষণা হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৭ আগস্ট, ২০২৫ তারিখে এই ফল প্রকাশিত হবে। চলতি বছরের ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা, যেখানে রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ফলপ্রকাশে বিলম্বের কারণে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ বাড়ছিল, এবার তার অবসান হতে চলেছে।
কোথায় এবং কীভাবে দেখবেন ফলাফল?
পরীক্ষার্থীরা বোর্ডের দুটি অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন:
www.wbjeeb.nic.in
www.wbjeeb.in
ফলাফল ডাউনলোডের পদ্ধতি:
১. প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, wbjeeb.nic.in/wbjee-তে যান।
২. হোমপেজে “Important Link” বিভাগের অধীনে “Rank Card For WBJEE 2025” অপশনটিতে ক্লিক করুন।
৩. এরপর একটি নতুন উইন্ডো খুলবে যেখানে আপনাকে আপনার আবেদন নম্বর (Application Number), জন্ম তারিখ (Date of Birth) এবং প্রদর্শিত সিকিউরিটি পিন (Security Pin) নির্ভুলভাবে লিখতে হবে।
৪. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর “Sign in” বোতামে ক্লিক করুন।
৫. আপনার ফলাফল বা র্যাঙ্ক কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে।
৬. ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনার ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
বিলম্বের কারণ ও তার প্রভাব:
দীর্ঘদিন ধরে জয়েন্টের ফলপ্রকাশ না হওয়ায় পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। এর ফলে কলেজগুলিতে ছাত্র ভর্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অনেক পরীক্ষার্থী আর অপেক্ষা না করে ইতিমধ্যেই দেশের অন্যান্য রাজ্যে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছিলেন। দেরিতে ফলপ্রকাশের কারণে রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ায় এর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়। তবে ৭ আগস্ট ফল প্রকাশের পর ভর্তি সংক্রান্ত জটিলতা কিছুটা হলেও কাটতে পারে বলে আশা করা হচ্ছে।