সময়মতো কেন মেটানো হল না ২৫% বকেয়া DA? সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজ্য সরকার

সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় ফের সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। ডিএ-র ২৫ শতাংশ বকেয়া ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ সত্ত্বেও সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় কেন অর্থ মেটানো হয়নি, তা নিয়ে শীর্ষ আদালত রাজ্যের কাছে কৈফিয়ত চেয়েছে।
সোমবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবী আদালতে জানান, তাঁরা আদালতের নির্দেশ মেনে চলতে বদ্ধপরিকর। তবে এত বড় অঙ্কের অর্থ একসঙ্গে জোগাড় করা এত দ্রুত সম্ভব নয়। তাই রাজ্য সরকারের তরফে আরও কিছুটা সময় চাওয়া হয়। রাজ্যের দাবি, আর্থিক অনটনের কারণে আপাতত ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না এবং এর জন্য আরও সময় প্রয়োজন। এ বিষয়ে পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়।
আজ মামলাটি উঠলেও রাজ্য আগামী সোমবার শুনানির আবেদন জানায়। অন্যদিকে, অন্যান্য পক্ষও মামলার শুনানির জন্য প্রস্তুত নয় বলে ইঙ্গিত দেয়। সরকারি কর্মীদের তরফে আইনজীবী করুণা নন্দী বুধবার শুনানির পক্ষে সওয়াল করেন। এই পর্যায়ে বেঞ্চ সন্দেহ প্রকাশ করে। বিচারপতি কারোল মন্তব্য করেন, “আজকের দিনটা সন্দেহজনক মনে হচ্ছে।” তিনি আজই মামলার শুনানির পক্ষে ছিলেন, যদিও সব পক্ষ আপত্তি জানায়।
পরে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, আর সময় দেওয়া হবে না। আগামী মঙ্গলবারই এই মামলার শুনানি হবে। বিচারপতিরা স্পষ্ট করে দেন, বিলম্বে আর সহ্য করা হবে না। আগামী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকে সরকারি কর্মী মহল ও প্রশাসনিক মহল উভয়ই তীক্ষ্ণ নজর রাখছে।
এদিকে, মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সাফ মন্তব্য করেছেন যে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। তিনি জানান, এবার সরকারি কর্মীরা শুধু ২৫ শতাংশ নয়, বরং বকেয়া ডিএ-র পুরো ১০০ শতাংশই অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে সামনে আসবে।