সিজার করতে গিয়ে নবজাতকের কপালে অস্ত্রের আঘাতে, পড়ল সেলাই! শোরগোল দিনহাটা হাসপাতালে

কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে এক সদ্যোজাতর মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখে থমকে গেল পরিবার। অভিযোগ, অস্ত্রোপচারের সময় ধারালো অস্ত্রের আঘাতে নবজাতকের কপালে চোট লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুর থেকে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ।

দিনহাটা বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বিউটি খাতুন গতকাল রাত ১০টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন। রবিবার দুপুর নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি সন্তানের জন্ম দেন। অভিযোগ উঠেছে, সন্তান জন্মের পর পরিবারের সদস্যরা সদ্যোজাতকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি শুরু করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিবারের চাপের মুখে নবজাতককে তাদের সামনে আনা হয়। আর তখনই পরিবারের সদস্যরা দেখতে পান, বাচ্চার মাথার অনেকটা অংশে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

সদ্যোজাতর এমন অবস্থা দেখে পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। মুহূর্তে হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রসূতির স্বামী সালাম মিঞা দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রসূতির ‘ক্রিটিকাল ডেলিভারি’ ছিল। অস্ত্রোপচারের সময় কোনো কারণে ধারালো অস্ত্র নবজাতকের কপালের দিকে লেগে যায়। এর ফলে সদ্যোজাতর কপালে দুটি সেলাই পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সদ্যোজাত এবং প্রসূতি উভয়ই সুস্থ রয়েছে। তবে প্রকাশ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই ঘটনায় হাসপাতালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে এবং তদন্তের দাবি জানিয়েছে শিশুর পরিবার।