ওভালে সিরাজের ‘ব্লান্ডার’ ভারতের সিরিজ জয়ের স্বপ্নে জল ঢালল, ব্রুকের জীবনদান ও সেঞ্চুরিতে কঠিন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া

চলতি টেস্ট সিরিজে ভারতীয় পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন মহম্মদ সিরাজ। ওয়ার্কলোডের চাপ সামলে তার ধারাবাহিক পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছিল। ওভাল টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে উজ্জ্বল ছিলেন তিনি। চতুর্থ দিনের সকালেও ওলি পোপকে একটি দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে নিজের ঝলক দেখিয়েছিলেন। কিন্তু এরপর রবিবাসরীয় ওভালে তিনি যে মারাত্মক ভুলটি করলেন, তাতে ওভাল টেস্ট জেতার এবং সিরিজে সমতা ফেরানোর ভারতের সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে এল।
চতুর্থ দিনের মর্নিং সেশনে জোড়া উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর তখন তিন উইকেটে ১৫৩ রান। জয় নিশ্চিত করতে হোম টিমের তখনো ছয় উইকেট হাতে রেখে দু’শোর বেশি রান দরকার। ক্রিজে জো রুটের সঙ্গে তখন হ্যারি ব্রুক। ঠিক আগের ওভারেই আকাশদীপকে একটি ছক্কা এবং একটি চার মেরে ‘বাজবল’ মেজাজে ব্যাট করা শুরু করেছিলেন সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক। ৩৫তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার লাফিয়ে ওঠা প্রথম ডেলিভারিতে ছক্কা মারতে উদ্যত ব্রুক ফাইন-লেগে সিরাজের হাতে ক্যাচ তুলে দেন। উচ্ছ্বাসে দু’বাহু প্রসারিত করে ফেলেন কৃষ্ণা। কিন্তু আচমকাই তার ভুল ভাঙে – ব্রুকের দিকে তাকিয়ে হতাশায় মুখ ঢাকেন তিনি।
কারণ, ১৯ রানে দাঁড়িয়ে থাকা ব্রুকের ক্যাচটি তালুবন্দি করলেও বাউন্ডারি সীমানায় পা দিয়ে ফেলেন হায়দরাবাদ পেসার সিরাজ। অর্থাৎ, আউটের পরিবর্তে ইংরেজ ব্যাটারের খাতায় যোগ হয় ছয় রান। জীবন ফিরে পেয়ে আগ্রাসী ব্যাটিং জারি রাখেন ব্রুক। লাঞ্চের পরই মাত্র ৩৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর ভারতীয় বোলারদের শাসন করে দ্বিতীয় সেশনে টেস্ট ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরিটি পূর্ণ করে ফেলেন। মাত্র ৯১ বলে ওভালে চলতি সিরিজের দ্বিতীয় সেঞ্চুরিটি আসে ব্রুকের ব্যাট থেকে, যা ভারতকে সিরিজ হারের দোরগোড়ায় নিয়ে এসেছে।
প্রথম সেশনে জোড়া উইকেট হারালেও, রুট এবং ব্রুকের ব্যাটিং বিক্রমে তৃতীয় সেশনে এখনও উইকেটহীন ইংল্যান্ড। ইতিমধ্যেই অর্ধশতরান পূর্ণ করে শতরানের দিকে এগোচ্ছেন রুটও। ১০৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ইতিমধ্যেই ১৮০ রান যোগ করে ফেলেছেন এই দুই ব্যাটসম্যান। প্রতিবেদন লেখার মুহূর্তে রুট ব্যাট করছেন ৭৮ রানে। ৬১ ওভার শেষে ইংল্যান্ডের রান তিন উইকেটে ২৮৬। অর্থাৎ, জয়ের জন্য তাদের চাই আর ৮৮ রান। ব্রুক ফিরলে ভারতের কতটা সুবিধা হত তা নিশ্চিতভাবে বলা কঠিন, কিন্তু সিরাজের এই মারাত্মক ‘ব্লান্ডার’ সিরিজে সমতা ফেরানোর ভারতের সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিল বলা যায়।