আবাস যোজনার বাড়ি ঘিরে বিবাদ, বজবজে রডের আঘাতে খুন যুবক

বাংলা আবাস যোজনার ঘর তৈরিকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিকভাবে খুন হলেন এক যুবক। দক্ষিণ ২৪ পরগনার বজবজের ভাসা মনসাতলায় রবিবার সকাল ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম দেবাশিস খাঁ (৩৫)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেবাশিসের কাকা মানিক খাঁ এবং তাঁর ছেলে আশিস খাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাসা মনসাতলায় খাঁ পরিবার দীর্ঘদিনের বাসিন্দা। সম্প্রতি দেবাশিসের পরিবার বাংলা আবাস যোজনার অধীনে একটি বাড়ি তৈরির অনুমোদন পায় এবং সেই নির্মাণ কাজ চলছিল। দেবাশিসের পাশেই তাঁর কাকা মানিক খাঁ বসবাস করেন। কাকার পরিবারের অভিযোগ ছিল, দেবাশিসের নতুন বাড়ির একটি অংশ তাদের জমিতে পড়ছে। এই বিষয়টি নিয়ে শনিবার থেকেই দুই পরিবারের মধ্যে তীব্র বিবাদ চলছিল।
রবিবার সকালে দেবাশিসের নতুন বাড়ির ছাদ ঢালাইয়ের কথা ছিল। অভিযোগ, সেই সময়ই পারিবারিক বিবাদ চরমে ওঠে। দেবাশিসকে ধরে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় দেবাশিসকে তড়িঘড়ি বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ দেবাশিসের কাকা মানিক খাঁ এবং তাঁর ছেলে আশিস খাঁকে গ্রেফতার করে। পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে এই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।