কাশ্মীরে বছরের সবচেয়ে বড় জঙ্গি নিধন যজ্ঞ! কুলগাঁও এনকাউন্টারে সেনার গুলিতে খতম ৩

জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলার আখাল জঙ্গলে ভারতীয় সেনা এবং জঙ্গিদের মধ্যে গত তিন দিন ধরে তীব্র গুলির লড়াই চলছে। শনিবার রাতেও পুরো এলাকা জুড়ে বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে এটি সম্ভবত চলতি বছরের অন্যতম বৃহত্তম সন্ত্রাসবিরোধী অভিযান হতে চলেছে। সেনা সূত্রে খবর, “অপারেশন আখাল” নামে পরিচিত এই অভিযানে এখনও পর্যন্ত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এবং একজন সেনা জওয়ান আহত হয়েছেন।
এই গুরুত্বপূর্ণ অভিযানে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এবং ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল প্যারা ফোর্সের জওয়ানরা অংশ নিয়েছেন। জম্মু-কাশ্মীরের ডিজিপি (ডিরেক্টর জেনারেল অফ পুলিশ) এবং সেনার ১৫ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার এই সন্ত্রাসবিরোধী অভিযানের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছেন। জম্মু-কাশ্মীর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্পেশাল অপারেশন গ্রুপ (SOG), সেনা এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল আখাল জঙ্গলে জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেয়েছে। গত ১লা আগস্ট থেকে যৌথ বাহিনী আখালের জঙ্গলকে চারপাশ থেকে ঘিরে ফেলে অভিযান চালাচ্ছে। জঙ্গিদের পক্ষ থেকে অতর্কিত গুলিবর্ষণ করা হচ্ছে এবং সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিচ্ছে।
এক সপ্তাহে জম্মু-কাশ্মীরে তিনটি এনকাউন্টার:
জম্মু-কাশ্মীরে গত এক সপ্তাহে এটি তৃতীয় এনকাউন্টার। এর আগে, নিরাপত্তা বাহিনী ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে পহেলগাঁও হামলার সাথে জড়িত তিন কুখ্যাত সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে। নিহতরা হলো সুলেমান, আফগান এবং জিব্রান। লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার সুলেমান পহেলগাঁও এবং গগনগীরের সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিল। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ২৬ জনকে হত্যা করার ঘটনায় সে জড়িত ছিল।
অন্যদিকে, গত ৩১শে জুলাই পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার (LoC) কাছে আরও দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তারা পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এবং LoC-র কাছেই তাদের ধরাশায়ী করা হয়। কুলগাঁওয়ের আখাল জঙ্গলে ১লা আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করার পর সন্ত্রাসবাদীদের গুলিবর্ষণে এই বড় এনকাউন্টার শুরু হয় এবং তা এখনও অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনী জঙ্গিমুক্ত কাশ্মীর গড়ার অঙ্গীকারবদ্ধ।