OMG! লকার থেকে ২১ লক্ষ টাকা সরিয়ে পিৎজা পার্টি নাবালকের, পুলিশের দ্বারস্থ হলেন পরিবার

বাড়ির লকারে রাখা ২১ লক্ষ টাকা উধাও! অভিযোগের তির খোদ বাড়ির ছেলের দিকে। সে নাকি লক্ষ লক্ষ টাকা পিৎজা পার্টিতে উড়িয়ে দিয়েছে বন্ধু-বান্ধবদের নিয়ে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়, যা বর্তমানে পুলিশি তদন্তের কেন্দ্রবিন্দুতে।

কালনার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার একটি পরিবার সম্প্রতি তাদের একটি বাড়ি বিক্রি করে প্রাপ্ত টাকা এবং জমানো সঞ্চয় মিলিয়ে প্রায় ২৫ লক্ষেরও বেশি টাকা আলমারির লকারে রেখেছিল। গত মঙ্গলবার পরিবারের সদস্যরা লকার খুলে দেখেন, সেখান থেকে ২১ লক্ষ টাকা গায়েব। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে ভয় দেখিয়ে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এর পেছনে এলাকার কিছু দুষ্কৃতীর হাত রয়েছে বলেও তারা দাবি করছেন। তাদের যুক্তি, একবারে এত টাকা দিয়ে পিৎজা খাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে তাদের ছেলে কালনা শহরের একটি নামী পিৎজার দোকানে প্রতিদিন দু-তিন হাজার টাকা খরচ করত বলে জানা গেছে। এমনকি পিৎজার দোকানের উপরের পুরো অংশও সে প্রায়শই বুক করে নিত।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছেলেটির পরিবারের লোকজন-সহ এলাকাবাসীরাও কালনা থানার সামনে জড়ো হন।

পরিবারের দাবি, তাদের ছেলেটি স্থানীয় কিছু মানুষের প্ররোচনায় এই কাণ্ড ঘটিয়েছে। তাদের অঙ্গুলিহেলনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। টাকা হারানো পরিবারটি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালনা থানার দ্বারস্থ হয়েছে।

তবে, একসঙ্গে এত বিপুল পরিমাণ টাকা বাড়িতে লকারে রাখার বিষয়টি তদন্তকারীদের ভাবাচ্ছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে এবং পিৎজার দোকানের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় কালনা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।