‘বেচারা কেষ্ট! বীর সম্মানে ফিরিয়ে আনতে হবে ওকে’, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার

গরু পাচার কান্ডে CBI এর হাতে গ্রেফতার হন বীরভূমের দাপুটে তৃনমুল সভাপতি অনুব্রত মণ্ডল। আদালতের নির্দেশে ইনি এখন বন্দি হয়ে আছেন আসানসোল সংশোধনাগারে।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি সমাবেশে ফের একবার কেষ্টর পাশে থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও BJP এর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ করেন তিনি। গতকাল আইনমন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে CBI এর হানা নিয়েও BJP কে কটাক্ষ করেন মমতা।
এদিন বীরভূমের কেষ্ট অনুব্রত মন্ডল প্রসঙ্গে মমতা বলেন, “বেচারা কেষ্টর নিজেরই শরীর খারাপ। বগটুইয়ের ঘটনার সময়ও কেষ্টকে ধাক্কা দেওয়া হয়েছে। প্রত্যেক নির্বাচনের আগে ওঁকে নজরবন্দি করে রেখে দেওয়া হয়। কিন্তু তাতে কি কেষ্টকে আটকানো সম্ভব হয়েছে? ভাবছেন কেষ্টকে জেলে বন্দি করে রেখে লোকসভার দুটি আসন দখল করবেন? সে গুড়ে বালি।” এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নেতাজি ইন্ডোরে উপস্থিত বীরভূম জেলার দলীয় ব্লক সভাপতিদের উঠে দাঁড়াত বলেন মমতা। এমনকী বীরভূম থেকে আসা দলীয় কর্মীদের উঠে দাঁড়াতে বলেন তিনি। তাদের উদ্দেশে মমতা বলেন, “কেষ্ট যতদিন ফিরে না আসছে, লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, লাল মাটির দেশ। এটা সবসময় মাথায় রাখবেন।”