“SIR পে হল্লা বোল, হল্লা বোল”-তৃণমূলের বিক্ষোভে উত্তাল রাজ্যসভা, বিরোধীদের চিঠি স্পিকারকে

বাদল অধিবেশনের শুরু থেকেই ‘বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া নিয়ে আলোচনার দাবিতে অটল বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ, শুক্রবার, বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই সংসদের অন্দরে ও বাইরে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদ সহ বিরোধী দলের নেতারা, যার জেরে দফায় দফায় মুলতবি হয়ে গেল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন।

রাজ্যসভায় বিক্ষোভের সুর বেঁধে দেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি ‘SIR পে হল্লা বোল, হল্লা বোল’ স্লোগান তোলেন, যার সঙ্গে সুর মেলান কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভের জেরে রাজ্যসভা প্রথমে দুপুর ১২টা পর্যন্ত এবং পরে সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।

একই চিত্র দেখা গেছে লোকসভাতেও। বিরোধীদের দাবি, বিহার ভোটের ঠিক আগে ‘সার’ প্রক্রিয়া শুরু করার অর্থ হলো জোর করে ভোটারধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। এই বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত লোকসভার অধিবেশনও মুলতবি হয়ে যায়।

যৌথ চিঠি ও স্বচ্ছতার প্রশ্ন:

‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ নিয়ে বিরোধীরা ক্রমশ সুর চড়াচ্ছেন। তাদের দাবি, এই প্রক্রিয়া নিয়ে সংসদে কেন্দ্রকে আলোচনা করতেই হবে। আজ কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, এনসিপি, শিবসেনা (উদ্ধব শিবির), আরজেডি এবং আরএসপি সাংসদরা যৌথভাবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে এই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি করা হয়েছে এবং ‘সার’ শুরুর সময় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিজেপিকে কাঠগড়ায় তুলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়:

রাজ্যসভার বাইরে দাঁড়িয়ে এই বিষয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, “ভোটাধিকার কেড়ে নিতে ‘সার’ ও নির্বাচন কমিশনকে দু’দিকে ধার থাকা তলোয়ারের মতো ব্যবহার করছে বিজেপি।” তাঁর আরও দাবি, “এই সব না করলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।”

যদিও নির্বাচন কমিশন এই প্রক্রিয়ায় অনড়, এবং বাংলায়ও ‘সার’ শুরুর তোড়জোড় চলছে। তবে গোটা প্রক্রিয়া নিয়ে এখনও পর্যন্ত মোদী সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সংসদ জুড়ে এই তীব্র বিক্ষোভ এবং বিরোধী দলগুলির সম্মিলিত চাপ কেন্দ্রের উপর কোনো প্রভাব ফেলে কিনা, সেটাই এখন দেখার বিষয়।