৫০০ টাকার নোটে তারকা চিহ্ন (*) থাকলে সেটা জাল, সত্যি কী তাই? জেনেনিন আসল সত্য

সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি বার্তা দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ৫০০ টাকার নোটে তারকা চিহ্ন (*) থাকলে সেটি জাল। এই ধরনের নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে এবং এটি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক থেকে ফেরত পাঠানো হয়েছিল বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়েছে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই বার্তাটিকে সম্পূর্ণ ভুয়া বলে চিহ্নিত করেছে এবং প্রকৃত তথ্য সামনে এনেছে।

রিজার্ভ ব্যাংকের ব্যাখ্যা:

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে যে, তারকা চিহ্নযুক্ত ৫০০ টাকার নোট কোনোভাবেই জাল নয়। এটি একটি বৈধ নোট এবং সরকারের অধীনেই মুদ্রিত হয়েছে। RBI-এর ব্যাখ্যা অনুযায়ী, ১০০টি সিরিয়াল নম্বরযুক্ত নোটের কোনো প্যাকেটে মুদ্রণের সময় যদি কোনো নোট ত্রুটিপূর্ণ হয়, তখন সেই ত্রুটিপূর্ণ নোটের বদলে নতুন করে যে নোটটি ছাপানো হয়, তাতে তারকা চিহ্নটি ব্যবহার করা হয়। এটি একটি শনাক্তকারী চিহ্ন, যা বোঝায় যে এই নোটটি মুদ্রণ-ত্রুটিযুক্ত নোটের বিকল্প হিসেবে ছাপা হয়েছে। এই তারকা চিহ্নটি নোটের সিরিয়াল নম্বর এবং প্রিফিক্সের মাঝখানে বসানো থাকে।

PIB-এর ঘোষণা:

গত ৩১ জুলাই প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই গুজবকে মিথ্যা বলে নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই ধরনের নোট বাজারে ছাড়া হয়েছিল এবং এটি সম্পূর্ণ বৈধ। তাই আপনার কাছে এই ধরনের নোট থাকলে কোনো দুশ্চিন্তার কারণ নেই।

যদি আপনার কাছে এমন কোনো তারকা চিহ্নযুক্ত ৫০০ টাকার নোট থেকে থাকে, তবে নিশ্চিন্ত থাকতে পারেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে রেখেছে, যা থেকে এই ধরনের বিভ্রান্তি দূর করা সম্ভব।