গভীর রাতে মাঝরাস্তায় পুলিশের গাড়ি অকেজো হতেই যা হলো? মুহূর্তে সব শেষ, জানুন বিস্তারে!

রাজ্য জুড়ে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। বারংবার সতর্কতা সত্ত্বেও বেপরোয়া গতির কারণে প্রাণহানি থামছে না। সম্প্রতি, ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের চিরাকুটি এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন কর্তব্যরত পুলিশকর্মী-সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় একজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, কুমারঘাটের দিক থেকে তীব্র গতিতে আসা একটি সাদা ইনোভা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারে। পুলিশের গাড়িটি সে সময় যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে পড়েছিল এবং চালক সেটি সারানোর চেষ্টা করছিলেন। ধাক্কার পর ইনোভা গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ড্রেনে পড়ে যায়।
ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ জানান, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ইনোভা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা আরও দুই যাত্রী এবং পুলিশের গাড়িতে থাকা একজন টিএসআর কর্মীও গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছেন চাল ব্যবসায়ী সাজাদ আলী, আক্তার আলী, বনবীর শব্দকর এবং টিএসআর কর্মী মিলন দেববর্মা।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার ডিআইজি রতি রঞ্জন দেবনাথ জানান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান যে পুলিশের গাড়ির চালক গুরুতর আহত হওয়ায় তাঁকে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
পুলিশ চারজনের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।