নির্জন বাড়ির মধ্যে রাখা বিলাসবহুল গাড়ি! খুলতেই সর্বনাশ…বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। ধূপগুড়ি শহরের মধ্যপাড়া এলাকা থেকে একটি বিলাসবহুল গাড়ির ভেতর থেকে প্রায় ১৪০০ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায়, যা অতিরিক্ত পুলিশ সুপারের (গ্রামীণ) কার্যালয় থেকে সামান্য দূরেই অবস্থিত। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা ও থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদও উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্জন বাড়ির ভিতরে রাখা বিলাসবহুল গাড়িটি থেকে মোট ১১ পেটি কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম রাজু দাস (গায়েরকাটা) এবং সত্যজিৎ রায় (মধ্যপাড়া, ধূপগুড়ি)।

ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে শহরের মধ্যে কাফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত ছিল। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (NDPS Act)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। এই চক্রের পেছনে আরও কারা কারা জড়িত রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

এলাকার এক বাসিন্দা তাপস ঘোষ বলেন, “অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের এত কাছে এই ধরনের মাদক কারবার চলছে, এটা ভাবাই যায় না। তবে পুলিশের সক্রিয়তায় আমরা খুশি। আমরা চাই দোষীরা যেন কঠোর শাস্তি পায়।”

মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা বলেন, “গোপন সূত্রে খবর পাওয়ার পরেই আমরা দ্রুত অভিযান চালাই এবং গাড়িটি চিহ্নিত করে তল্লাশি করি। আমরা তদন্ত করছি, এই চক্রের পিছনে আরও কারা জড়িত আছে তা খুঁজে বের করা হবে।” পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।