ডিভোর্সের দিন কেন সুগার ড্যাডি টি-শার্ট পরেন চাহাল? কোন বার্তার ইঙ্গিত? অবশেষে রহস্য ফাঁস

ভারতীয় ক্রিকেটার ইউজবেন্দ্র চাহাল এবং তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার মধ্যে বিচ্ছেদের ঘটনাটি এখন পুরোনো খবর হলেও, ডিভোর্সের দিন চাহালের একটি বিশেষ টি-শার্ট নিয়ে বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিয়ের মাত্র ১৮ মাস পরেই গত ২০ মার্চ তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। সেই দিন আদালত থেকে বেরোনোর সময় চাহালের পরা টি-শার্টে লেখা ছিল, “Be Your Own Sugar Daddy,” যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কেন এই বার্তা?
সম্প্রতি রাজ শামানির একটি পডকাস্টে চাহাল এই বিতর্কিত টি-শার্ট প্রসঙ্গে মুখ খুলেছেন। যখন তাকে প্রশ্ন করা হয় কেন তিনি এমন একটি টি-শার্ট পরেছিলেন, তখন চাহাল হাসিমুখে বলেন, “সামনে থেকে কিছু একটা হয়েছিল। প্রথমে আমি এমন কিছু করতে চাইনি, কিন্তু যেহেতু ওদিক থেকে কিছু বিষয় ঘটল, তাই আমিও ঠিক করলাম যে, এবার আর কারও কথা শুনব না।” তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমি কাউকে গালি দিইনি। শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম। এটা ছিল আদতে একটি অ্যাকশনের পাল্টা রিঅ্যাকশন।”
সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা
চাহাল জানান, তিনি তার পক্ষ থেকে সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য শতভাগ চেষ্টা করেছিলেন। “আমি ভালো একটা ডিল সাইন করেছিলাম, যাতে দ্রুত সামনে এগোতে পারি। সেই সময় এমন কিছু হয়েছিল, যার প্রভাবে হয়ত এমন একটি টি-শার্ট পরা আমার সিদ্ধান্তকে আরও দৃঢ় করে তুলেছিল। আমি আমার ১০০% দিয়েছিলাম। আমার কোনো আফশোস নেই তাতে,” বলেন চাহাল। তিনি আরও যোগ করেন, “আমি চেষ্টা করেছিলাম সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। কিন্তু কিছু জিনিসের ওপর আমার নিয়ন্ত্রণ ছিল না।”
চাহালের এই মন্তব্য থেকে স্পষ্ট যে, তার টি-শার্টের বার্তাটি নিছক ফ্যাশন ছিল না, বরং বিচ্ছেদের প্রেক্ষাপটে এটি ছিল একটি চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আবারও চাহাল ও ধনশ্রীর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।