আমেরিকার বাণিজ্যনীতিতে নয়া মোড়..! বন্ধু দেশগুলি কেও ছাড়ল না ট্রাম্প, বাড়ালেন শুল্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাণিজ্যিক শুল্ক বাড়িয়েছেন, যা এবার কেবল প্রতিদ্বন্দ্বী দেশ নয়, আমেরিকার বন্ধু দেশগুলির ওপরও প্রভাব ফেলবে। হাতে আর মাত্র সাত দিন। আগামী ৭ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলে একটি প্রশাসনিক কার্যনির্বাহী নির্দেশপত্রে জানানো হয়েছে।
এই নতুন নির্দেশে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৪১ শতাংশ পর্যন্ত করা হয়েছে কিছু কিছু দেশের ক্ষেত্রে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বাণিজ্য ঘাটতি কমানোর জন্যই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নিয়মে যেসব দেশ আমেরিকায় পণ্য বিক্রি করতে চাইবে, তাদের ওপর এই বর্ধিত শুল্ক চাপানো হবে।
গত ১ আগস্ট, ট্রাম্প ‘ট্রেড ডেডলাইন’ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই নির্দেশ জারি করা হয়। প্রথমে যে ডেডলাইন দেওয়া হয়েছিল, তা সামান্য বাড়ানো হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে রয়েছে সিরিয়া (৪১%), লাওস (৪০%), মায়ানমার (৪০%), সুইজারল্যান্ড (৩৯%), ইরাক (৩৫%) এবং সার্বিয়া (৩৫%)। এছাড়াও ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ বহু দেশের ওপর শুল্ক চাপানো হয়েছে।
পরিবর্তিত শুল্কের হার (কিছু উল্লেখযোগ্য দেশ):
সিরিয়া: ৪১%
লাওস: ৪০%
মায়ানমার: ৪০%
সুইজারল্যান্ড: ৩৯%
ইরাক: ৩৫%
সার্বিয়া: ৩৫%
ভারত: ২৫%
বাংলাদেশ: ২০%
পাকিস্তান: ১৯%
ব্রাজিল: ১০%
ইউরোপীয় ইউনিয়ন: ০%–১৫%
যুক্তরাজ্য: ১০%
জাপান: ১৫%
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ এপ্রিল থেকে কার্যকর হওয়া ১০ শতাংশ ‘সর্বজনীন’ শুল্ক এখনও বহাল রয়েছে। তবে নতুন করে শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে, তা সময়ই বলবে।