মাসের প্রথম দিনেই দারুণ খবর! দাম কমল রান্নার গ্যাসের, জেনেনিন নতুন দাম কত

মাসের শুরুতেই স্বস্তির খবর, বিশেষ করে হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য। আজ, ১লা আগস্ট থেকে বাণিজ্যিক ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করেছে তেল বিপণন সংস্থাগুলি। বিশ্ববাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে।

প্রতি মাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি বিশ্ববাজারে অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্যের দামের ওঠানামা বিশ্লেষণ করে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। গত জুলাই মাসের পর অগাস্ট মাসেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হল, যা টানা দ্বিতীয়বার দাম কমার ঘটনা।

তেল বিপণন সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানো হলেও, ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। গৃহস্থালির ব্যবহারের জন্য এই ১৪.২ কেজির সিলিন্ডারই ব্যবহৃত হয়।

এই দাম কমার ফলে আজ, শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম পড়বে ১৭৩৬ টাকা, যা আগে ছিল ১৭৬৯ টাকা। একইভাবে, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে ১৬৩১.৫০ টাকা।

এর আগে, ১লা জুলাইও বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার প্রতি ৫৮ টাকা ৫০ পয়সা কমানো হয়েছিল। তার আগে জুন মাসে ২৪ টাকা, এপ্রিলে ৪১ টাকা এবং ফেব্রুয়ারিতে ৭ টাকা কমানো হয়েছিল ১৯ কেজি সিলিন্ডারের দাম। ফলে গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দামে ধারাবাহিক পতন লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার মূলত হোটেল, রেস্তোরাঁ, এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। গৃহস্থের বাড়িতে সাধারণত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়, যার দাম অপরিবর্তিত রয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কারণ এতে তাদের পরিচালন ব্যয় কিছুটা হ্রাস পাবে।