একেই বলে জবরা ফ্যান! ৭৫ ফুটের বিজয় দেবেরাকোন্ডা! ভক্তদের কীর্তিতে হৈ চৈ শহর জুড়ে

একেই বলে ‘জবরা ফ্যান’! সিনেমা মুক্তির ঠিক আগেই প্রিয় নায়ককে বিশাল এক চমক দিলেন এক অনুরাগী, যা দেখে গোটা হায়দরাবাদ শহরে হইচই পড়ে গেছে। সেই নায়ক আর কেউ নন, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা! আর এই চমকটি হলো একটি ৭৫ ফুট উঁচু কাট-আউট!
ঘটনাটি একটু বিস্তারিতভাবে বলা যাক। হায়দরাবাদের জনপ্রিয় সুদর্শন থিয়েটারের সামনে এখন জনসমুদ্র। অন্যান্য দিনের তুলনায় যানজটও বেশি, কারণ সবার চোখ সেঁটে আছে ৭৫ ফুট উঁচু বিজয় দেবেরাকোন্ডার বিশাল কাট-আউটের দিকে। কাট-আউটটিতে বিজয়কে দেখা যাচ্ছে খালি গায়ে পেশী ফুলিয়ে দাঁড়িয়ে আছেন, চোখে-মুখে আক্রমণের দৃঢ় ইঙ্গিত। তার গলায় শোভা পাচ্ছে লম্বা ফুলের মালা। বিজয়ের এই ৭৫ ফুটের লড়াকু ছবিটিই বর্তমানে হায়দরাবাদ শহরের মূল আকর্ষণ হয়ে উঠেছে।
বিজয় দেবেরাকোন্ডা, এক নামেই যার সিনেমা সুপারহিট হয়। অ্যাকশন থেকে রোমান্স, কমেডি থেকে শুরু করে একেবারে ঝিনচ্যাক নায়ক—বিজয় জানেন কীভাবে দর্শকদের মন জয় করতে হয়। তার প্রমাণ মেলে ‘পেল্লি চুপুলু’, ‘অর্জুন রেড্ডি’, ‘ট্যাক্সিওয়ালা’ এবং ‘গীত গোবিন্দম’-এর মতো ছবিগুলোতে, যা বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল। শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, বলিউডেও তিনি নিজের ছাপ ফেলেছেন।
সেই সুপারস্টার বিজয়ই ফের বড় পর্দায় ফিরতে চলেছেন। আজ, ৩১শে জুলাই, মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘কিংডম’। গৌতম তিন্নানুরি পরিচালিত এই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর এই ৭৫ ফুটের কাট-আউট যেন সেই উন্মাদনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।