উত্তপ্ত অসম! গোলাঘাটে বনভূমি উদ্ধারে ‘মেগা উচ্ছেদ অভিযান’, সংকটে হাজার হাজার বাঙালি পরিবার

অসমের গোলাঘাট জেলায় মঙ্গলবার এক বিশাল উচ্ছেদ অভিযান শুরু হতে চলেছে, যা রাজ্য প্রশাসনের কাছে ‘মেগা এভিকশন’ নামে পরিচিতি লাভ করেছে। উরিয়ামঘাট জেলার রেংমা সংরক্ষিত বনের বাইরে এই মুহূর্তে অসম পুলিশের সহস্রাধিক জওয়ান, আধা সামরিক বাহিনী এবং বুলডোজার নিয়ে প্রস্তুত রয়েছে জেলা ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অসমে অনুপ্রবেশকারী উচ্ছেদ অভিযান নতুন না হলেও, আজকের মতো এত বড় আকারের অভিযান সাম্প্রতিককালে দেখা যায়নি। প্রশাসন জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হলো বন সংলগ্ন প্রায় ১০ হাজার বিঘা জমি পুনরুদ্ধার করা এবং প্রায় ২ হাজার পরিবারকে উচ্ছেদ করা। অনুমান করা হচ্ছে, এই অভিযানে প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হবেন।
জানা গেছে, উচ্ছেদ হতে যাওয়া অধিকাংশ বাসিন্দা বাংলাভাষী। অসম প্রশাসনের দাবি, তারা বহিরাগত এবং এদের বেশিরভাগই বাংলাদেশি মুসলিম, যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এর আগেও একাধিকবার রাজ্যকে ‘অনুপ্রবেশকারী মুক্ত’ করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি গোলাঘাট সফরের পর দাবি করেছিলেন যে, দখলদারদের প্রায় ৭০ শতাংশ স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে গেছেন।
অসম প্রশাসনের তথ্য অনুযায়ী, বন সংলগ্ন জমিতে প্রায় ২৭০০ পরিবার বসবাস করছিল। এর মধ্যে ২ হাজার পরিবারকে মঙ্গলবার উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পর এই পরিবারগুলির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই বিষয়ে তাদের কিছু করার নেই এবং কোনো সরকারি জমিতে তাদের আশ্রয় নিতে দেওয়া হবে না।
এই বিশাল উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার কর্মী ও বিরোধী দলগুলো এই অভিযানের মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলছেন, যেখানে হাজার হাজার মানুষ রাতারাতি গৃহহীন হতে চলেছেন।