নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড নিয়ে ধোঁয়াশা! ‘মুক্তির খবর’ অসত্য, জানাল বিদেশ মন্ত্রক

ইয়েমেনে ২০১৭ সালের একটি খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার দণ্ডাদেশ রদ হওয়ার খবরটি সঠিক নয় বলে মঙ্গলবার জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। এর আগে কিছু বেসরকারি সূত্রে নিমিশার মৃত্যুদণ্ড বাতিলের খবর ছড়িয়েছিল, যা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল।

সোমবার ভারতের সর্বোচ্চ মুফতি কন্থপুরম এপি আবুবকর মুসলিয়ারের দফতর থেকে দাবি করা হয়েছিল যে, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড সরকারিভাবে বাতিল করা হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছিল, সানায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নিমিশার যে মৃত্যুদণ্ডাদেশ এর আগে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল, তা পুরোপুরি বাতিল হয়েছে। তবে ইয়েমেনি সরকারের তরফে এখনও কোনো লিখিত নির্দেশ আসেনি বলেও জানানো হয়েছিল।

কিন্তু আজ ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব খবর ভিত্তিহীন। নিমিশা প্রিয়াকে নিয়ে ছড়িয়ে পড়া এই ধরনের তথ্যে কোনো সত্যতা নেই।

উল্লেখ্য, গত ১৬ জুলাই নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে গ্র্যান্ড মুফতি আবুবকর মুসলিয়ারের সরাসরি হস্তক্ষেপে এবং ইয়েমেনি কর্তৃপক্ষের কাছে তাঁর দয়া প্রার্থনার আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ডের ঠিক আগের দিন তা স্থগিত হয়ে যায়।

নিমিশা প্রিয়ার এই মামলার সাথে জড়িয়ে আছে তাঁর ১৩ বছরের মেয়ে মিশেলের হৃদয়বিদারক আকুতি। এক দশকেরও বেশি সময় ধরে মাকে দেখতে না পাওয়া মিশেল, মায়ের মৃত্যুদণ্ডের খবর শুনে ইয়েমেনে ছুটে গিয়েছিল। সে আকুতি জানিয়েছিল, “আই লাভ মাই মাম্মি, দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন।” তার এই আবেগঘন আবেদন বিশ্বজুড়ে মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছিল।

তবে, বিদেশ মন্ত্রকের আজকের এই ঘোষণার পর নিমিশা প্রিয়ার ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।