বৃষ্টির জেরে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে ফাটল, পরিষেবা বন্ধ

একটানা বৃষ্টিপাতের জেরে কলকাতার নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে ফাটল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়েছে।
মেট্রো সূত্রে জানা গেছে, নিউ গড়িয়া স্টেশনটি মাটির উপরে অবস্থিত এবং এটি দক্ষিণ কলকাতার একটি প্রান্তিক স্টেশন। গত সপ্তাহ থেকে শুরু করে আজও দুপুরের পর থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এই অতিরিক্ত বৃষ্টির কারণে প্ল্যাটফর্মের নিচের মাটিতে কিছু ফাটল তৈরি হয়েছে, যার জেরে প্ল্যাটফর্মেও একাধিক ফাটল দেখা দিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন, এই মুহূর্তে আপ প্ল্যাটফর্মটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য নিরাপদ নয়।
ঘটনার পর পরই ফাটলের কারণ এবং সমস্যার সূত্রপাত খতিয়ে দেখতে মেরামতির কাজ শুরু হয়েছে। এই মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত নিউ গড়িয়া স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।
মেরামতির কাজ শেষ করতে কতক্ষণ সময় লাগবে, সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। যেহেতু আজ মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার আর খুব বেশি সময় বাকি নেই, তাই মনে করা হচ্ছে, আজ আর ওই অংশে নতুন করে পরিষেবা চালু করা হবে না। কাল সকালে পরিস্থিতি খতিয়ে দেখে নিউ গড়িয়া স্টেশনকে পুনরায় চালু করা যাবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই আকস্মিক ঘটনায় যাত্রীদের কিছুটা অসুবিধায় পড়তে হচ্ছে।