অপারেশন মহাদেবের সাফল্য, পহেলগাঁও হামলার মূলচক্রী সন্দেহে ৩ লস্কর জঙ্গি খতম

জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনার চিনার কর্পসের যৌথ বাহিনীর ‘অপারেশন মহাদেব’-এ বড় সাফল্য। পহেলগাঁও হামলার মূলচক্রী হিসেবে সন্দেহভাজন লস্কর-ই-তৈবার তিন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। দাচিগাঁও অরণ্য এলাকার গভীর জঙ্গল থেকে সন্দেহজনক রেডিও যোগাযোগ এবং স্থানীয় চরদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়।

রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জানা লিদওয়াসে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির সংঘর্ষ শুরু হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে ড্রোনের ফুটেজে তিনটি মৃতদেহ দেখা যায়, যা তিন জঙ্গির খতম হওয়ার বিষয়টি নিশ্চিত করে। যদিও নিহতদের সম্পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি, কারণ অভিযান এখনও শেষ হয়নি। জঙ্গিদের বড় গোষ্ঠীর অন্য সদস্যরা জঙ্গলে ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, এবং তাদের সন্ধানে তল্লাশি অভিযান জোরকদমে চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরে এই অভিযান চলছিল। দাচিগাঁও অরণ্য এলাকার গভীর জঙ্গল থেকে সন্দেহজনক রেডিও সিগন্যাল ধরা পড়েছিল। এই সূত্র ধরে সেনার একাধিক টিম ওই অঞ্চলে টহল ও তল্লাশি চালায়। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ যৌথ বাহিনীর একটি দল তিন জঙ্গিকে চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে অভিযানে নেমে তাদের খতম করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবার জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। এই গোষ্ঠীই গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যার দায় স্বীকার করেছিল। এই হামলার পরেই ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল, যার ফলস্বরূপ পাকিস্তান ও পিওকে-তে ১০০-এর বেশি জঙ্গি নিহত হয়েছিল।

গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খতম হওয়া এই তিন জঙ্গি একটি ঘন জঙ্গলে গাছের নিচে মাটির তৈরি অস্থায়ী বাঙ্কারে লুকিয়ে ছিল। নিরাপত্তা বাহিনী দীর্ঘ ১৪ দিন ধরে এই জঙ্গি গোষ্ঠীর গতিবিধির ওপর নজর রাখছিল। এটি লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের একটি যৌথ মডিউল ছিল বলেও জানা গেছে। ২২শে এপ্রিল পহেলগামের ২৬ জন নিরীহ মানুষের হত্যার সঙ্গে এই নিহত জঙ্গিরা সরাসরি যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে।

‘অপারেশন মহাদেব’ ভারতীয় সেনার একটি গুরুত্বপূর্ণ সাফল্য, যা পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে সাহায্য করবে। বর্তমানে গোটা দাচিগাঁও অঞ্চল ঘিরে তল্লাশি অভিযান চলছে, যাতে কোনো জঙ্গি পালিয়ে যেতে না পারে।