‘অপারেশন সিঁদুর’ স্থগিত, বন্ধ হয়নি; পাকিস্তান নিশানা করলে ফের কড়া জবাব, লোকসভায় রাজনাথ সিং

দেশের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ স্থগিত থাকলেও তা বন্ধ হয়নি, এমনটাই দাবি করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লোকসভায় তিনি জানান, এই অভিযানের মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর লক্ষ্য পূরণ হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সামরিক শক্তির পরিচয় পেয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে, পাকিস্তান যদি আবারও ভারতকে নিশানা করে, তাহলে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমেই সেনাবাহিনী কড়া জবাব দেবে।

প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, এই সামরিক অভিযান বন্ধ করার জন্য দেশের সামরিক বাহিনীর উপর কোনও চাপ সৃষ্টি করা হয়নি। রাজনৈতিক মহলের মতে, এভাবে নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাব দিয়েছেন মোদি মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য।

এদিন লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শাসক দলের পাশাপাশি বিরোধী দলের সাংসদরাও অংশ নেন। কংগ্রেসের গৌরব গগৈ এবং তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আলোচনায় যোগ দিয়ে সরকারকে নিশানা করেন। বিশেষ করে বৈসরণ উপত্যকার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জন্য পর্যাপ্ত নিরাপত্তার অভাবকেই দায়ী করে বিরোধী শিবির।

জবাবে নিজের ভাষণে রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীরা শুধু ভারতের কোনও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কিনা সেটা জানতে চায়। শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।” তিনি জোর দিয়ে বলেন যে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের কোনও ক্ষতি হয়নি এবং জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার যে লক্ষ্য ভারতের ছিল তা সম্পূর্ণ সফল হয়েছে।

সামরিক অভিযান চালানোর আগে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতির বিস্তারিত বিবরণ দিয়ে রাজনাথ সিং জানান, সেনাবাহিনী অভিযান চালানোর আগে সীমান্তের সামগ্রিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছিল। তাঁর কথায়, “মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের সাতটি ঘাঁটি আমরা গুঁড়িয়ে দিয়েছি। আঘাত হানার আগে আমাদের বাহিনীর তরফে সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে, যাতে সাধারণ নাগরিকদের বিন্দুমাত্র ক্ষতি না করে শুধুই জঙ্গিঘাঁটিতে হামলা চালানো যায় তা নিশ্চিত করা হয়েছে।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনিই ভারত-পাক সামরিক সংঘাত থামিয়েছেন। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। রাজনাথ সিং তাঁর এদিনের ভাষণে ঘুরপথে এই প্রসঙ্গটিও ছুঁয়ে যান। তিনি কারও নাম না নিয়ে বা কোনও নির্দিষ্ট দাবির উল্লেখ না করলেও জানান যে, চাপের মুখে ভারত ‘অপারেশন সিঁদুর’ বন্ধ করেছে বলে যে দাবি উঠেছে তার কোনও ভিত্তি নেই। বরং, পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও-কে ফোন করে সংঘর্ষ বিরতির অনুরোধ জানিয়েছিলেন এবং সেই মতো দু’দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে।