সুন্দরবনের মুখে স্বাস্থ্য বিপ্লব, ৩০ থেকে ৬০ শয্যায় উন্নীত সন্দেশখালি ব্লক হাসপাতাল, মিলবে আধুনিক চিকিৎসা পরিষেবা

দীর্ঘদিনের অবহেলিত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এবার আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চলেছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ব্লকে স্থাপিত হতে চলেছে অত্যাধুনিক হাসপাতাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, সন্দেশখালি খুলনা ব্লক হাসপাতালের ৩০টি শয্যাকে উন্নীত করে ৬০ শয্যায় রূপান্তরিত করার কাজ শুরু হয়ে গেছে, যার জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই এই হাসপাতাল থেকে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা সবরকম আধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০২৪ সালের ৩০ ডিসেম্বর সন্দেশখালি দু’নম্বর ব্লকের মিশন মাঠে এসে এই গ্রামীণ হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, এবার সন্দেশখালি খুলনা ব্লক হাসপাতালে এই ৮ কোটি টাকা বরাদ্দের প্রকল্পের প্রথম ভিত্তি স্থাপন করা হলো।
জানা গেছে, বর্তমানে এই হাসপাতালে মাত্র ৩০টি শয্যা ছিল এবং কোনো অপারেশন থিয়েটার ছিল না। যার কারণে প্রসব যন্ত্রণা থেকে শুরু করে সমস্ত ছোট-বড় অপারেশনের জন্য রোগীদের দূরে অন্য হাসপাতালে যেতে বাধ্য হতে হতো। অনেক ক্ষেত্রেই পথেই অনেকের মৃত্যু ঘটত। সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষেরা এতদিন অত্যাধুনিক রোগ নির্ণয় এবং অন্যান্য উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন।
এবার সেই বঞ্চনার অবসান ঘটাতে ৬০ শয্যায় রূপান্তরিত হওয়া এই নতুন হাসপাতালে দুজন চিকিৎসককে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন অপারেশনের পাশাপাশি রোগ নির্ণয় করার জন্য আধুনিক ক্লিনিকের ব্যবস্থাও করা হয়েছে। এই পদক্ষেপ সুন্দরবনের মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে দেবে।
হাসপাতালের এই আধুনিকীকরণের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, সন্দেশখালি ২-এর বিডিও অনুপম সামন্ত সহ স্থানীয় প্রশাসনিক কর্তারা। তাঁদের সকলের উপস্থিতিতেই এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, যা সুন্দরবনের লক্ষ লক্ষ মানুষের জীবনে এক নতুন আশার আলো নিয়ে এল। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে এই হাসপাতাল নবরূপে সম্পূর্ণ পরিষেবা দিতে শুরু করলে সুন্দরবনের স্বাস্থ্য ব্যবস্থার মান অনেকাংশে উন্নত হবে বলে আশা করা হচ্ছে।