প্রথম দু’বার ব্যর্থ, অবশেষে সাফল্য ছিনিয়ে আনলেন নিলুফা! UGC NET টপার বাংলার এই মেয়ে

অধ্যবসায় এবং মেধাকে পাথেয় করে অবশেষে সাফল্য ছিনিয়ে আনলেন পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের পালিটা রোডের বাসিন্দা নিলুফা ইয়াসমিন। ২০২৫ সালের ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়ে তিনি সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছেন। নিলুফার এই সাফল্যে তাঁর পরিবার, কাটোয়ার শিক্ষক মহল এবং গোটা বাংলার মানুষ গর্বিত।

নিলুফা জানান, শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবল ইচ্ছা থেকেই তিনি ইউজিসি নেটের প্রস্তুতি শুরু করেছিলেন। এটি তাঁর তৃতীয় প্রচেষ্টা ছিল। এর আগে দু’বার তিনি ইউজিসি নেট পরীক্ষায় বসেছিলেন, কিন্তু সেবার সফল হতে পারেননি। তবে এই ব্যর্থতা তাঁকে দমাতে পারেনি, বরং আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছিলেন তিনি। আর এই তৃতীয়বারের চেষ্টাতেই তিনি শুধু সফলই হননি, গোটা দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করে নিয়েছেন।

বর্তমানে নিলুফা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তাঁর ডক্টরাল রিসার্চ করছেন। মধ্যযুগের সঙ্গীত ঐতিহ্য এবং বাংলা সাহিত্যের মিলন নিয়ে তাঁর গবেষণা চলছে। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মনোযোগী ও মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। স্কুল জীবন থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত প্রতিটি পরীক্ষায় তিনি ভালো নম্বর পেয়ে এসেছেন।

দু’বার ব্যর্থ হওয়ার পর হাল না ছাড়া প্রসঙ্গে নিলুফা বলেন, “প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু কখনও ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবার লক্ষ্য ছিল শুধু পাশ করা নয়, শীর্ষে পৌঁছনো।” আর সেই লক্ষ্যেই তিনি সফল হয়েছেন। নিলুফার এই অদম্য জেদ এবং সাফল্য অসংখ্য পরীক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।