OBC মামলায় হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, আগামী সপ্তাহেই শুনানি

কলকাতা হাইকোর্টের দেওয়া ওবিসি নতুন তালিকার উপর স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির দাবি জানিয়েছেন। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং মনে করা হচ্ছে আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।
প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কপিল সিব্বল বলেন, “নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয় আমাদের (রাজ্যকে) আইন প্রণয়ন করতে হবে। এটা সমস্ত রায়ের পরিপন্থী।” এর উত্তরে প্রধান বিচারপতি গাভাই বলেন, “ইন্দিরা সাহনি মামলার পর থেকে ধরে নেওয়া হয় যে, ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন।”
সিব্বল আরও জানান, হাইকোর্টে একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে, সেটি স্থগিত রাখার আবেদন করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতি বলেন, “বিষয়টি তালিকাভুক্ত করা হোক।” এর পর সোমবার শুনানি হবে বলে মনে করা হচ্ছে।
২০২৪ সালে কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। আদালত রাজ্যকে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার নতুন তালিকা প্রস্তুত করে। কিন্তু অভিযোগ ওঠে যে নিয়ম মেনে সব কাজ হয়নি। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়।
রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের যুক্তি ছিল, সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে এবং তার রিপোর্ট পেশ করা হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে এবং জানায়, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে।