নতুন দল গঠন করার কথা ঘোষণা হুমায়ুনের, ‘অভিসন্ধি’ খুঁজে পাচ্ছেন দিলীপ ঘোষ! কি বললেন BJP নেতা?

তৃণমূলের ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৫০টি আসনে প্রার্থী দিতে চান। তাঁর এই ঘোষণার পর থেকেই নানা জল্পনা চলছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ হুমায়ুনের ঘোষণার পেছনে তৃণমূলেরই ‘অভিসন্ধি’ খুঁজে পেয়েছেন।

বৃহস্পতিবার হুমায়ুন কবিরের নতুন দল গঠন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ওঁকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি। পশ্চিমবঙ্গে যত দল, সব করা হয়ে গিয়েছে। তাই নতুন দল করার দরকার।” এর পরেই তিনি এক বিস্ফোরক মন্তব্য করে বলেন, “আমার যেটা মনে হচ্ছে, এতদিন উনি যেসব ডায়লগ দিতেন, সেসব শুধু ওঁর ইচ্ছে নয়, তৃণমূলও চাইত।”

দিলীপ ঘোষের মতে, রাজ্যের বর্তমান পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে, ২০২৬ সালে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হন, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। তিনি বলেন, “আইএসএফ বা নতুন দলের যে কথা উঠছে, ১০০টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে, নতুন দল হবে মুসলিমদের। তারা দাবি করবে, উপমুখ্যমন্ত্রী চাই তাদের। পরের বার বলবে, যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে, তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে যোজনাবদ্ধভাবে এগোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন।”

দিলীপ ঘোষ আরও গুরুতর অভিযোগ করে বলেন, “পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হওয়ার দিকে এগোচ্ছে।” এই পরিস্থিতি সৃষ্টির জন্য তিনি বামপন্থীদের দায়ী করে বলেন, “বামপন্থীরা রাস্তা করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা ধরে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। দেশভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানেন।”
হুমায়ুনের নতুন দল গঠনের ফলে ভোট ভাগাভাগি হলে বিজেপির সুবিধা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “আমরা কোনো ভাগাভাগিতে বিশ্বাস করি না। সবার সাথে, সবার বিকাশে বিশ্বাসী, এই স্লোগান আমরাই দিয়েছি। ভারতীয় সংবিধানের আঁধারে রাজনীতি করি আমরা। বিজেপি এই ভাবেই চলবে।”

এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই দিলীপ ঘোষ আরও একবার নিশ্চিত করেছেন যে, তিনি বিজেপির সঙ্গেই রয়েছেন। তিনি বলেন, “গোটা পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে আছি আমি।”