মুখ্যমন্ত্রীকে মারার ছক? শৌচাগার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সভাস্থলের কাছে নাশকতার ছক বানচাল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জনসভার কাছে একটি স্থান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এবং বম্ব স্কোয়াডের অনুমান, এই বিস্ফোরক ব্যবহার করে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা ছিল।

বেঙ্গালুরুর কালাসিপাল্য বিএমচিসি বাস স্ট্যান্ডের কাছে একটি শৌচাগার থেকে একটি রহস্যজনক ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির মধ্যে ৬টি জিলেটিন স্টিক এবং ডিটোনেটর পাওয়া যায়। জানা গিয়েছে, এই শৌচাগারটি এমন এক মার্কেটের কাছে, যেখানে তিন দিন পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।

শৌচাগারের এক কর্মী প্রথমে ব্যাগটি দেখতে পান। তিনি ভেবেছিলেন, কোনো যাত্রী ভুলবশত ব্যাগটি ফেলে চলে গেছেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে নিয়ে যাবেন। তাই তিনি ব্যাগটি শৌচাগারের বাইরে এনে নিজের কাছে রেখে দেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কেউ না আসায় তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু করলে ব্যাগের ভেতর বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই বিস্ফোরক ভরা ব্যাগটি রেখে গিয়েছিল। শৌচাগারের কর্মী জানিয়েছেন, একজন ব্যক্তি ব্যাগটি নিয়ে ভেতরে ঢুকেছিলেন এবং এরপর সেটি রেখেই দ্রুত বেরিয়ে যান। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের জিলেটিন স্টিক এবং ডিটোনেটর। কোথা থেকে এই বিস্ফোরক আনা হয়েছিল এবং এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই বিস্ফোরক ব্যবহার করে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সভাস্থলে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল।