যোগ্য শিক্ষকদের জন্য আশার আলো! বিপুল পরিমাণে নতুুন করে আবেদন, কত সংখ্যা জানাল SSC

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দীর্ঘদিনের অচলাবস্থার পর এবার যোগ্য প্রার্থীদের মধ্যে আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি এসএসসি (SSC) নিয়োগ প্রক্রিয়ায় রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে, যার মধ্যে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। গতকাল রাত ১১:৫৯ মিনিটে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।
এসএসসি সূত্রে খবর, বাতিল হওয়া নিয়োগে চাকরি হারানোর পর যে যোগ্য শিক্ষকরা নতুন করে আবেদনের সুযোগ পেয়েছেন, তাদের মধ্যে প্রায় ১৩ হাজার ৭০০ জন প্রার্থী এইবার আবেদন করেছেন। এটি নিঃসন্দেহে তাদের হারানো সম্মান এবং কর্মজীবনের নতুন করে শুরু করার এক সুযোগ।
আবেদন বাড়ল ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি:
সামগ্রিকভাবে এবারের নিয়োগে আবেদনের সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১৬ সালের নিয়োগের তুলনায় এবার মোট আবেদন ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ার জন্য মোট প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। যেখানে ২০১৬ সালের নিয়োগে এই সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন লক্ষ।
নবম-দশম স্তরে প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন, এবং একাদশ-দ্বাদশের জন্য আবেদন করেছেন প্রায় ২ লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী। এই বিপুল সংখ্যক আবেদন প্রমাণ করে যে, রাজ্যে শিক্ষকতার পেশায় আগ্রহী প্রার্থীর সংখ্যা বিপুল এবং দীর্ঘসূত্রিতার পর একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ইতিমধ্যেই এসএসসি ৭ ও ১৪ই সেপ্টেম্বর লিখিত পরীক্ষার অনুমতি চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে। রাজ্য সরকারের সবুজ সংকেত পেলেই লিখিত পরীক্ষার দিন ঘোষণা করবে এসএসসি। এই নতুন প্রক্রিয়া রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনবে এবং যোগ্য প্রার্থীদের দ্রুততার সাথে তাদের প্রাপ্য চাকরি পেতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।