“আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট“, একুশের মঞ্চ থেকে বিস্ফোরক দাবি মমতার

২১শে জুলাইয়ের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।” একইসাথে তিনি বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা নিয়ে সরব হয়ে কেন্দ্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য যে আক্রমণ ও হেনস্থার মুখে পড়তে হচ্ছে, তার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, “আমি বাংলা ভাষায় কথা বলি। অন্য ভাষাকে অসম্মান করি না। আমাদের রাজ্যে দেড় কোটি ভাই বোন রয়েছে, তাদের উপরে তো কোনো সন্ত্রাস হয় না। আপনারা কেন আমাদের রাজ্যের শ্রমিকদের উপরে সন্ত্রাস করছেন? দরকারে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আপনার, কত জেল আছে।”

নাম না করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দুটো বাংলা কথা বলবেন? মনটা বড় করতে শিখুন। দেশের কী অবস্থা? আপনাদের কন্ট্রোল করছে আমেরিকা প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এত রক্তের বিনিময়েও? আপনারা না হিন্দু না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান। আমেরিকান প্রেসিডেন্ট যখন কোমরে দড়ি বেঁধে পাঠিয়ে দিলেন, তখন আপনারা প্রতিবাদ করেননি কেন? আগে নিজেদের আয়নায় দেখুন, তারপর বলুন।”

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের বৈঠকেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পহেলগাঁও জঙ্গি হামলা এবং তারপর ভারত-পাকিস্তান সংঘাতে মার্কিন প্রেসিডেন্টের নাম গলানোর প্রসঙ্গ তুলেছিলেন। দুই দেশের সংঘাতের আপডেট কেন আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে জানতে হবে, এই প্রশ্ন চলতি বাদল অধিবেশনে তোলার দাবি করেছেন অভিষেক। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই একই মার্কিন প্রেসিডেন্টের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে বিঁধলেন। মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যগুলি ২১শে জুলাইয়ের সমাবেশে রাজনৈতিক উত্তাপকে নতুন মাত্রা দিল।