২১শে জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তী, তবে কি বিধানসভা নির্বাচনে লড়বেন? কি বললেন নায়িকা?

২১শে জুলাইয়ের ধর্মতলার মেগা সমাবেশে অংশ নিতে এদিন সকালেই নন্দনে জড়ো হয়েছিলেন টলিউডের একঝাঁক পরিচিত মুখ। এই তারকাদের মধ্যে বিশেষভাবে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সৌমিতৃষা কুণ্ডু।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসময় বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ভোটে লড়লেও জয়ী হতে পারেননি। এরপর গেরুয়া শিবির ত্যাগ করে তিনি রাজনৈতিক অবস্থান নিয়ে নিরব ছিলেন। তবে ২১শে জুলাইয়ের তৃণমূলের মঞ্চে তাঁর উপস্থিতি কার্যত নিশ্চিত করে দিল যে, তিনি আবার তৃণমূল কংগ্রেসে ‘ঘরে ফিরেছেন’। শ্রাবন্তীর মতো বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র এবং রিমঝিম মিত্রও, কিন্তু তাঁরাও গেরুয়া শিবির ত্যাগ করতে বেশি সময় নেননি। এদিন ২১শে জুলাইয়ের মঞ্চে এই দুই অভিনেত্রীও উপস্থিত ছিলেন।
টলিপাড়ায় ২১শে জুলাইয়ের আগে থেকেই জোর জল্পনা ছিল যে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় হয়তো তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। সম্প্রতি TV9 বাংলার অফিসে শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “আমি এই ব্যাপারটা ভেবেই দেখিনি। সামনে এতগুলো ছবির মুক্তি নিয়ে ব্যস্ত যে এই ব্যাপারে কিছুই জানিনা। আপনাদের কানে এরকম কথা কীভাবে এলো, সেটাই ভাবছি।” তবে শ্রাবন্তীকে যে ২১শে জুলাইয়ের মঞ্চে থাকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ব্যাপারে এখন আর কোনো সংশয় নেই।
অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু গত কয়েকদিন শারীরিক অসুস্থতার কারণে টলিপাড়ার কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাক তিনি ফেরাতে পারেননি এবং সমাবেশে যোগদান করেছেন। বাংলা ছবির অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি এদিন বাংলা ধারাবাহিকের বেশ কিছু পরিচিত মুখকেও ২১শে জুলাইয়ের অনুষ্ঠানে দেখা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২১শে জুলাইয়ের মঞ্চে এই তারকাদের উপস্থিতি তৃণমূলের ‘বাঙালি অস্মিতা’র ধারণাকে আরও শক্তিশালী করবে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে সাহায্য করবে।