১৯ বছরের কলেজছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ কংগ্রেস যুবনেতার! গ্রেফতার অভিযুক্ত

ওড়িশায় ফের ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল রাজ্যের রাজধানী ভুবনেশ্বর। ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওড়িশা যুব কংগ্রেসের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
নির্যাতিতা ভুবনেশ্বরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। তাঁর অভিযোগ, গত ১৮ই মার্চ ভুবনেশ্বরের মাস্টার ক্যান্টিন চকে তিনি তাঁর দুই বন্ধুর সঙ্গে দেখা করেন। তাঁরা একটি গাড়িতে বসে গল্প করছিলেন। সেই সময় আরেকজন তাঁদের সঙ্গে যোগ দেয়, যে নিজেকে উদিত প্রধান বলে পরিচয় দিয়ে বলে সে এনএসইউআই (NSUI)-এর ওড়িশা শাখার সভাপতি। এরপর তারা সকলেই একটি হোটেলে গিয়ে ওঠেন। অভিযোগ উঠেছে যে, হোটেলেই উদিত ওই তরুণীকে ঠান্ডা পানীয়তে কিছু মিশিয়ে বেহুঁশ করে ধর্ষণ করে।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, “গাড়িতে বসে গল্প করার সময় উদিত আমাকে বাজেভাবে স্পর্শ করছিল। এরপর ওরা আমাকে একটা হোটেলে নিয়ে যায়। সেখানে ওরা মদ্যপান শুরু করে। আমি মদ্যপান করি না। উদিত আমাকে ঠান্ডা পানীয় দেয়। তারপর আমার শরীর খারাপ করতে শুরু করে। আমি ওদের বাড়িতে ছেড়ে দিতে বলি। তারপর অজ্ঞান হয়ে যাই।” তিনি আরও অভিযোগে বলেন, “আমার জ্ঞান ফিরে আসার পর দেখি উদিত প্রধান আমার পাশে শুয়ে আছে। আমি ব্যথা অনুভব করি এবং বুঝতে পারি যে আমার সঙ্গে কিছু একটা ঘটেছে।” অভিযোগ জানানোর পরই নিজেকে যুব কংগ্রেসের নেতা দাবি করা উদিত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রতিবেশী রাজ্য ওড়িশায় সম্প্রতি লাগাতার ভয়াবহ ঘটনার অভিযোগ সামনে আসছে। এর আগে কলেজের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তা ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে এক ছাত্রী আত্মহত্যা করেন। অন্যদিকে, এক ছাত্রীকে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপি শাসিত রাজ্যে একের পর এক এই ধরনের নির্যাতনের অভিযোগে ওড়িশার রাজনীতিতে তোলপাড় চলছে। কংগ্রেস এই সব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে এবং কংগ্রেস সহ আটটি বিরোধী দলের ডাকে বনধে ব্যাপক সাড়াও মিলেছিল। এরই মধ্যে এবার এক যুব কংগ্রেস নেতার বিরুদ্ধেই কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।