ওবামাকে হাতকড়া পরিয়ে জেলে ভরা হল, ট্রাম্পের শেয়ার করা VIDEO ঘিরে তোলপাড়?

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের অন্দরমহলে বসে বর্তমান ও প্রাক্তন দুই প্রেসিডেন্টের খোশগল্পের মাঝে হঠাৎই তিন এফবিআই আধিকারিকের আবির্ভাব। ট্রাম্পের চোখের সামনে দিয়ে বারাক ওবামাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, পরানো হচ্ছে হাতকড়া, আর সোজা জেলে ঢোকানো হচ্ছে – এমন একটি চাঞ্চল্যকর ভিডিও ট্রাম্প নিজেই শেয়ার করেছেন। ভিডিওটি দেখে ট্রাম্পকে হাসতে দেখা যাচ্ছে। এই অবাক করা ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে ভিডিওটি সম্পূর্ণ নকল, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি একটি মিম।

ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই AI জেনারেটেড বারাক ওবামার গ্রেফতারির ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটির সঙ্গে তাঁর অভিযোগ, ২০১৬ সালের নির্বাচনে ওবামা প্রশাসন কারচুপি করেছিল। আর তাই “কেউ আইনের ঊর্ধ্বে নন” – এই বার্তাই তিনি দিতে চেয়েছেন। এই ভিডিও শেয়ার করে ট্রাম্প কি তবে এই ইঙ্গিত দিতে চাইলেন যে, ওবামাকেও খুব শীঘ্রই তিনি হাজতবাস করাতে পারেন?

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওবামার এই গ্রেফতারির ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। সমালোচকরা বলছেন, বিষয়টি অত্যন্ত নিম্নরুচির এবং উস্কানিমূলক। আবার কারো কারো মতে, সম্প্রতি প্রকাশ্যে আসা এপস্টাইন ফাইল কেলেঙ্কারি থেকে জনসাধারণের নজর ফেরানোর জন্য এটি ট্রাম্পের একটি কৌশল।

এই ডিপফেক ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।” ভিডিওটিতে একটি মন্টেজও রয়েছে, যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক ডেমোক্র্যাট নেতাকে একই কথা বলতে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বারাক ওবামার দিকে। তাঁর অভিযোগ, ২০১৬ সালের নির্বাচনে কারচুপি করা হয়েছে। এই অভিযোগের আবহে ট্রাম্পের এই বিতর্কিত ভিডিও প্রকাশ নতুন মাত্রা যোগ করল মার্কিন রাজনীতিতে।