Weather: নতুন সপ্তাহে ফের নিম্নচাপ, টানা দুর্যোগের আশঙ্কা বাংলায়, জেনেনিন কবে থেকে বাড়বে বৃষ্টি?

শ্রাবণের ধারাপাত যেন থামতেই চাইছে না দক্ষিণবঙ্গে। গত কয়েক দিন ধরে কলকাতা-সহ সংলগ্ন অঞ্চলে অবিরাম বৃষ্টি, কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে। তবে আশঙ্কার খবর হলো, আগামী সপ্তাহে আরও বড় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় বাংলার জেলাগুলি ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির মুখোমুখি হতে চলেছে।

মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাঁকুড়া হয়ে কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর উপরেই নতুন বিপদ হিসেবে ২৪শে জুলাই, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে। এই দুইয়ের প্রভাবে আগামী সপ্তাহে বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আগামী সপ্তাহের পূর্বাভাস:

আজ, রবিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি হতে পারে। তবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। কিন্তু আসল খেলা শুরু হবে বুধবার থেকে। ওইদিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উভয়ই বাড়বে।

নিম্নচাপের সরাসরি প্রভাবে বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এরপর শুক্রবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। শহর কলকাতাতেও বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গেও ভারী বর্ষণ অব্যাহত:

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বর্তমানে উত্তরবঙ্গে বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয়, যার কারণে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ, রবিবার পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২১শে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার উত্তরের বেশিরভাগ জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা, বিশেষত কালিম্পং-সহ পার্বত্য এলাকায়।

সব মিলিয়ে, আগামী সপ্তাহ জুড়ে বাংলার আকাশজুড়ে বর্ষার রুদ্ররূপ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।