বিপুল আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে! মোদী-শাহকে কটাক্ষ ভূপেশ বাঘেলের

ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে আবগারি দুর্নীতিতে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ সকালেই ইডি দুর্গ জেলার ভিলাইতে ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি চালায় এবং এরপর চৈতন্যকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে ইডির একটি দল ছত্তীসগঢ়ের দুর্গ জেলার ভিলাইতে ভূপেশ বাঘেলের বাড়িতে অভিযান চালায়। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের (Prevention of Money Laundering Act – PMLA) অধীনে নতুন প্রমাণ হাতে আসার পর এই তল্লাশি চালানো হয়। এই বাড়িতেই চৈতন্য বাঘেলও থাকেন। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর ইডি চৈতন্যকে গ্রেফতার করে।
ইডির অভিযোগ, ছত্তীসগঢ়ের আবগারি দুর্নীতিতে রাজ্যের বিপুল ক্ষতি হয়েছে। এই দুর্নীতিতে প্রায় ২১০০ কোটি টাকার তছরুপ হয়েছে এবং চৈতন্য বাঘেল এই দুর্নীতির অংশীদার ছিলেন। ইডি দাবি করছে, তিনি এই দুর্নীতি থেকে লাভবান হয়েছেন।
আজ, ১৮ জুলাই, ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যের জন্মদিন। ছেলের জন্মদিনে তার গ্রেফতারি প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “মোদী ও শাহ যে জন্মদিনের উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনও গণতন্ত্রে কেউ দিতে পারবে না। আজ আমার জন্মদিনে দুই সম্মানীয় নেতা আমার পরামর্শদাতা ও অফিসার অন স্পেশাল ডিউটির বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। আর আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালালো। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।”
প্রসঙ্গত, গত মার্চ মাসেও চৈতন্য বাঘেলের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল। এই গ্রেফতারি ছত্তীসগঢ়ের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।