দিল্লি গিয়েও জে পি নাড্ডার সঙ্গে দেখা হল না দিলীপ ঘোষের, অভিমান বাড়ল BJP-র ‘ব্রাত্য’ নেতার?

শমীক ভট্টাচার্যর নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি-তে ‘ব্রাত্য’ হয়ে পড়া দিলীপ ঘোষের দিল্লি যাত্রা আপাতত বিফলই মনে হচ্ছে। জে পি নাড্ডার তলবে দিল্লি গিয়েও তাঁর দেখা পেলেন না এই দাপুটে বিজেপি নেতা। কার্যত শূন্য হাতেই তাঁকে ফিরতে দেখা গেছে, যা দিলীপের রাজনৈতিক অভিমান আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দিলীপ ঘোষ। তিনি শুধু বলেছেন, “যা বলার সময় মতো বলব।” তবে, শোনা যাচ্ছে, আজ বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার সঙ্গে দিলীপের দেখা হতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের দুর্গাপুরের সভামঞ্চে দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন কিনা, গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে জোর চর্চা চলছিল। কখনও শোনা গিয়েছিল, দলের তরফে এই দাপুটে নেতার কাছে আমন্ত্রণপত্র পৌঁছেছে। যদিও পরে তিনি নিজেই দাবি করেন যে বঙ্গ বিজেপি তাঁকে আমন্ত্রণ জানায়নি। তবে দিলীপ বলেছিলেন, একজন কর্মী হিসেবে তিনি সভায় যাবেন। শুক্রবার সকালে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি দিল্লি রওনা হন। সেই সময় জানা গিয়েছিল, নাড্ডার তলবেই নাকি তাঁর দিল্লি পাড়ি।
কিন্তু এদিন দিল্লি পৌঁছে ঘড়ির কাঁটায় দুপুর একটা নাগাদ জে পি নাড্ডার বাড়িতে যান দিলীপ ঘোষ। তবে মিনিট পাঁচেকের মধ্যেই তাঁর গাড়িকে সেখান থেকে বেরোতে দেখা যায়। এর থেকে স্পষ্ট হয় যে, নাড্ডার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। এই ঘটনা দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপি-র ‘দূরত্ব’ আরও স্পষ্ট করে তুলল বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, বিকেলে যদি নাড্ডার সঙ্গে তার সাক্ষাৎ হয়, তবে কি তার অভিমানের বরফ গলবে, নাকি এই ‘ব্রাত্য’ থাকার পর্ব আরও দীর্ঘায়িত হবে।