মেয়েকে খুন করে প্রেমিকের সঙ্গে পার্টি মায়ের! ৩৬ ঘণ্টা পর স্বামীকে ফাঁসানোর চেষ্টা, অবশেষে গ্রেফতার মহিলা

এক নৃশংস ঘটনায় উত্তরপ্রদেশের লখনউতে নিজের ৬ বছরের মেয়েকে খুন করে স্বামীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে উত্তরপ্রদেশের বাসিন্দা শাহরুখ খানের সঙ্গে রোশনি খানের বিয়ে হয় এবং তাঁদের একটি কন্যাসন্তান ছিল। কিন্তু সম্প্রতি রোশনি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন উদিত জসওয়াল নামে এক ব্যক্তির সঙ্গে। এর ফলে স্বামী শাহরুখের সঙ্গে তাঁর ঝামেলা বাড়তে থাকে এবং রোশনি তাঁর প্রেমিক উদিতের সঙ্গে আলাদা থাকতে শুরু করেন। তাঁদের সঙ্গেই থাকছিল তাঁদের কন্যাসন্তানটি। অভিযোগ উঠেছে যে, রোশনি ও উদিত তাঁদের সম্পর্কের পথে ‘কাঁটা’ মনে করে স্বামী ও ছয় বছরের কন্যাসন্তানকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন।
মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে দেখা করতে যেতেন শাহরুখ। গত সোমবার রাতেও রোশনির বাড়িতে যান তিনি। সেখানে রোশনির সঙ্গে তাঁর বচসা হয় এবং এরপর শাহরুখ সেখান থেকে বেরিয়ে যান। সোমবার রাতেই রোশনি থানায় ফোন করে অভিযোগ করেন যে, তাঁর স্বামী মেয়েকে খুন করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং শাহরুখ খানকে গ্রেফতার করে।
তবে, তদন্তকারীদের শুরু থেকেই কিছু বিষয়ে খটকা লাগছিল। কারণ, মৃতদেহটিতে পচন ধরে গিয়েছিল এবং পোকাও লেগেছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর জানা যায়, পুলিশকে খবর দেওয়ার আনুমানিক ৩৬ ঘণ্টা আগেই রোশনির মেয়েকে খুন করা হয়েছিল। এই তথ্য জানার পরেই তদন্তকারীদের সন্দেহ আরও গভীর হয়।
পুলিশ রোশনি ও তাঁর প্রেমিক উদিতকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ উঠেছে যে, রোশনি তদন্তকারীদের বিপথে চালনা করার চেষ্টা করেন। কিন্তু পুলিশের দাবি, জেরার মুখে রোশনির প্রেমিক উদিত স্বীকার করেন যে, রোশনি ও তিনি মিলে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করেছেন। খুনের পর তাঁরা সেখানেই ছিলেন এবং শাহরুখ ঘটনাস্থলে গেলে পরিকল্পনা মাফিক তাঁকে ফাঁসানোর জন্য পুলিশে ফোন করা হয়।
এই ঘটনায় পুলিশকর্তারাও হতবাক হয়েছেন। রোশনি এবং তাঁর প্রেমিক উদিতকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।