তৎকাল টিকিট বুকিং নিয়মে বিরাট বদল! এই কাজ না করলে মিলবে না টিকিট

ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বিরাট পরিবর্তন এনেছে ভারতীয় রেল। গত ১৫ জুলাই থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে, যার ফলে আধার-ভিত্তিক ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) ভেরিফিকেশন ছাড়া আর তৎকাল টিকিট কাটা যাবে না। রেল কর্তৃপক্ষের দাবি, তৎকাল টিকিটে জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১ জুলাই থেকে আধার নম্বর দিয়ে টিকিট কাটা বাধ্যতামূলক করা হলেও, ১৫ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার-ভিত্তিক OTP ভেরিফিকেশনকে অপরিহার্য করা হয়েছে। এর অর্থ হলো, এবার থেকে তৎকাল টিকিট কাটতে হলে যাত্রীকে তার আধার নম্বর দিতে হবে এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে ভেরিফাই করতে হবে। এই নিয়ম IRCTC-র ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কিংবা পিআরএস (Passenger Reservation System) কাউন্টার— সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

কীভাবে তৎকাল টিকিট বুক করবেন?

প্রথমত, আধার লিঙ্ক করা মোবাইল নম্বরটি প্রদান করতে হবে।

এরপর সেই নম্বরে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে ভেরিফাই করতে হবে।

এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই তৎকাল টিকিট বুকিং করা যাবে।

নতুন নিয়মে আরও বলা হয়েছে যে, তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটে বাল্ক বুকিং করা যাবে না। অর্থাৎ, এই নির্দিষ্ট সময়ে এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না, যা সাধারণ যাত্রীদের জন্য টিকিট পাওয়ার সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং শুরু হয় যাত্রার আগের দিন সকাল ১০টা থেকে, এবং নন-এসি ক্লাসের ক্ষেত্রে সকাল ১১টা থেকে এই বুকিং চালু হয়। রেলের এই নতুন পদক্ষেপের লক্ষ্য হলো টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুরক্ষিত করা।