প্রবীণদের জন্য এবার সম্পূর্ণ আলাদা ট্রেন কামরা, থাকছে যেসব সুবিধা?

লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত আসন ছিল এতদিন। এবার ভারতীয় রেল আরও এক ধাপ এগিয়ে শুরু করল সম্পূর্ণ আলাদা একটি কামরা! প্রবীণ যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ করতে রেলের এই যুগান্তকারী উদ্যোগের সূচনা হলো মুম্বই থেকে। দেশের প্রথম শহর হিসেবে বাণিজ্যনগরীর লোকাল ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘সিনিয়র সিটিজেন কামরা’ (Senior Citizen Train Coach)। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব দ্রুত এই পরিষেবা কেরালা-সহ ভারতের অন্যান্য রাজ্যেও চালু হবে।
বিশেষ কামরার সুবিধা ও রুট
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) থেকে ডোম্বিভলি পর্যন্ত চলাচলকারী ইএমইউ লোকাল ট্রেনের ষষ্ঠ নম্বর কামরাটি এখন থেকে শুধুমাত্র প্রবীণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এই বিশেষ কামরাটি আরাম ও সুরক্ষার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এখানে রয়েছে বিশেষ নকশার আসন, যেখানে দুজন বা তিনজন একসঙ্গে বসতে পারবেন। কামরায় ওঠানামা সহজ করার জন্য বিশেষ সিঁড়ি এবং দরজার সামনে ভারসাম্য বজায় রাখার জন্য হাতলের ব্যবস্থা করা হয়েছে। এমনকি, জরুরি পরিস্থিতির জন্য ল্যাডারও এই কামরায় থাকছে।
টিকিটের ছাড় বন্ধ, বিতর্ক অব্যাহত
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারীর সময় প্রবীণ নাগরিকদের রেল টিকিটে যে ছাড় ছিল, তা রেল বোর্ড বন্ধ করে দেয়। এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং বিরোধী দলগুলো সরব হয়। সংসদও এই ইস্যুতে উত্তপ্ত হয়। যদিও সেই ছাড় পুনরায় চালু করার বিষয়ে রেল বোর্ড এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এই পরিস্থিতিতে, প্রবীণদের জন্য আলাদা কামরার ব্যবস্থা নিঃসন্দেহে রেলের একটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন সাধারণ যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের আশা, প্রবীণ যাত্রীদের কথা মাথায় রেখে নেওয়া এই উদ্যোগ তাঁদের যাত্রাকে আরও স্বচ্ছন্দ ও সম্মানজনক করে তুলবে। মুম্বইয়ে এই পরীক্ষামূলক পর্যায়ের সাফল্যের ওপর ভিত্তি করেই অদূর ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরগুলোর লোকাল ট্রেনেও এই বিশেষ পরিষেবা চালু হতে পারে।